কেপটাউন টেস্টে শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। তিন টেস্ট ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় প্রোটিয়াসরা। এর আগে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৮১ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২০৮ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ২৩৯ রানে অলআউট হয়ে কেপটাউন টেস্টে ফলোঅনে পড়ে লঙ্কানরা। গতকাল ইনিংস হার এড়াতে ৪ উইকেটে ১৩৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দারুণ সূচনা করেন আগের দিন অপরাজিত থাকা লঙ্কান দুই ব্যাটসম্যান থিলান সামারাবিরা (১৯) ও অ্যাঞ্জেলা ম্যাথুস (২৮)। এদিন তারা ১০২ রানের শক্ত পার্টনারশিপ গড়েন। এতে কিছুটা স্বস্তি ফেরে লঙ্কান শিবিরে। দলীয় ২৪০ রানে ৭টি চারে ৬৩ রান সংগ্রহ করে উইকেট বিসর্জন দেন ম্যাথুস। পরে সামারাবিরা উইকেটে অবিচল থাকলেও লঙ্কান অপর ব্যাটসম্যানরা একে একে উইকেট বিলিয়ে দেন। শেষ পর্যন্ত সামারাবিরা অপরাজিত ১১৫ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৩৪২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। এতে ১ রানের লিড নেয় সফরকারীরা। চা-বিরতির পর জয়ের জন্য ২ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ৫৮০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে প্রোটিয়াসরা। কেপটাউন টেস্টে ম্যাচসেরা হন জ্যাক ক্যালিস।