লা লিগায় শনিবার রাতটি ছিল গোল খরার রাত। পাঁচ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই কোনো গোল হয়নি। লেভান্তে ও মালোর্কা, রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনা এবং মালাগা ও আতলেটিকো মাদ্রিদের ম্যাচ শেষ হয়েছে গোলশূন্যভাবেই। গোল হয়নি তিনটি খেলার একটিতেও।

তবে গোল খরার রাতে গোল উত্সবে মেতে উঠেছিল রিয়াল মাদ্রিদ। ব্রেকের পর লিগ মাঠে গড়ানোর পরই শনিবার গ্রানাদোর বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেল মরিনহোর শিষ্যরা। যদিও এ ম্যাচে দলের সঙ্গে মাঠে থাকতে পারেননি কোচ মরিনহো। পারিবারিক সমস্যার কারণে দল থেকে দূরে ছিলেন তিনি। তবে গুরুর অনুপস্থিতির রেশ মাঠের লড়াইয়ে পড়তে দেননি শিষ্যরা। করিম বেনজেমার জোড়া গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এ জয়ে ১৭ খেলায় ৪৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি অক্ষুণ্ন রেখেছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এখন ৬ পয়েন্ট পিছিয়ে পড়ল রিয়ালের কাছ থেকে। ফলে মেসি-জাভিদের চিন্তা আরও একধাপ বাড়িয়ে দিল মরিনহোর শিষ্যরা। শনিবার গ্রেনেদার বিপক্ষে মাঠে নামার মাত্র ১৯ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে যায় রিয়াল। মেসুত ওজিলের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে নেন বেনজেমা (১-০)। উল্লাসে মাতোয়ারা রিয়াল সমর্থকদের হাসিটা মাত্র তিন মিনিট পরেই মিলিয়ে দেন মিকেল রিকো। উশেরের ক্রসে পাওয়া বলে রিকো সরাসরি শটে বল পাঠিয়ে দেন রিয়ালের জালে (১-১)। সমতা ফেরানোর পর গ্রানাদোর বিপক্ষে আরও বেশি চাপ প্রয়োগ করে খেলতে শুরু করে রিয়াল মাদ্রিদ। বিরতির আগে (ম্যাচর ৩৪ মিনিটে) সতীর্থের নেয়া কর্নারকিক থেকে গোল পেয়ে যান মাদ্রিদের সার্জিও রামোস। তার দৃষ্টিনন্দন হেড গোলের গ্রাফটা আরও একধাপ উপরে টেনে তুলে (২-১)। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি হিগুয়েন-রামোসদের। দ্বিতীয়ার্ধে বল মাঠে গড়ানোর পাঁচ মিনিটের মধ্যেই দলের আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো হিগুয়েন গোল করে রিয়াল শিবিরে উল্লাসের ঢেউ জাগিয়ে তোলেন (৩-১)। মাত্র কয়েক মিনিটের মধ্যে নিজের দ্বিতীয় গোলটি করেন করিম বেনজেমা (৪-১)। ব্যক্তিগত গোলের ঝুলিতে দুই গোল ভরার পরই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বেনজেমাকে। দলের শেষ গোলটি আসে ক্রিস্টিয়ানো রোনালদোর পা থেকে (৫-১)। কিন্তু গোল করার পর তাকে তার স্বভাবজাত উল্লাসে মেতে উঠতে দেখা যায়নি। এ বিষয়ে ম্যাচ শেষে রিয়ালের সহকারী কোচ আইতোর কারাঙ্কা সাংবাদিকদের বলেন, ‘খেলায় কোনো কিছুই রোনালদোর মন মতো হচ্ছিল না বলে তিনি নিজের ওপর রেগে গিয়েছিলেন।’ বেনজেমার চোট সম্পর্কে তিনি বলেন, ‘মারাত্মক কোনো কিছু নয়। আশা করি আগামী কয়েক দিনের মধ্যেই তাকে মাঠে দেখা যাবে।’ এ নিয়ে রিয়াল সমর্থকদের উদ্বেগ না হওয়ারও পরামর্শ দেন মরিনহোর সহকারী।

দিনের অন্যান্য খেলায় রেসিং সান্তান্দার ১-০ গোলে জেতে রিয়াল জারাগোজার বিপক্ষে। এছাড়া লেভান্তে ও মালোর্কা, রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনা এবং মালাগা ও আতলেটিকো মাদ্রিদের খেলা শেষ হয় অমীমাংসিতভাবে। গোল হয়নি তিনটি খেলার একটিতেও।