শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বোল্যান্ড পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। এরই মধ্যে প্রথম দুই ওয়ানডের জন্য শুক্রবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট
সাউথ আফ্রিকা (সিএসএ)। ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক মার্ক বাউচার। এছাড়াও দলে নেই ব্যাটসম্যান ডেভিড মিলার ও লেগ-স্পিনার ইমরান তাহির। দলে নতুন দুই মুখ বাঁহাতি ব্যাটসম্যান ডিয়ান এলগার ও অলরাউন্ডার রোরি লেইনভেলদট। ২৮ বছর বয়সী লেইনভেলদটের দু’টি আন্তর্জাতিক টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে ২৪ বছর বয়সী এলগার দক্ষিণ আফ্রিকার ক্যাপ মাথায় নেয়ার সুযোগ এখনও পাননি। ঘরোয়া সীমিত ওভারের প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য দেখানোর পুরস্কারস্বরূপ তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়া এবি ডি ভিলিয়ার্সের জন্য অধিনায়ক হিসেবে ওটা হবে প্রথম ম্যাচ। এর আগে তিন টেস্ট ম্যাচ সিরিজের ২-১ ব্যবধানে হেরেছে সফরকারী শ্রীলঙ্কা। লংভার্সনের ক্রিকেটে নিজেদের সেভাবে মেলে ধরতে না পারলেও ওয়ানডেতে জাত চেনাতে চান তিলকারত্নে দিলশান বাহিনী। জয় দিয়েই সিরিজ শুরু করতে চায় শ্রীলঙ্কা।
দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আজ