বিশ্ব ইজতেমার কারণে পিছিয়ে গেল ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল। ফলে আজকের পূর্ব নির্ধারিত কোয়ার্টার ফাইনালের দু’টি ম্যাচ আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। প্রথম কোয়ার্টার ফাইনালে নবাগত টিম
বিজেএমসি মুখোমুখি হবে রহমতগঞ্জের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৫টায় ময়দানি লড়াইয়ে মাঠে নামবে ফরাশগঞ্জ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। কোয়ার্টার ফাইনালের অপর দু’টি ম্যাচের সূচিতে এসেছে ব্যাপক পরিবর্তন। আবাহনী ও শেখ জামালের মধ্যকার ম্যাচটি মঙ্গলবার বিকাল ৩টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে। আর শেষ আটের ইতি টানা হবে শেখ রাসেল ও আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যকার লড়াই দিয়ে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টা ৩০ মিনিটে সেমিফাইনালের টিকিটের জন্য লড়বে এ দু’টি দল। এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ‘লিগ কমিটি বিশ্ব ইজতেমার কারণেই সূচিতে পরিবর্তন এনেছে। নয়তো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই খেলা মাঠে গড়াত। দর্শকদের কথা বিবেচনা করেই কোয়ার্টার ফাইনালের দু’টি ম্যাচ সন্ধ্যায় নিয়ে আসা হয়েছে।’
ফেডারেশন কাপ পিছিয়ে গেল