অস্ট্রেলিয়ান ওপেন তারকাদের শুভ সূচনা

এবারের অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে ইনজুরি নিয়ে শঙ্কায় থাকা তারকাদের তালিকাটা ছোট ছিল না। রাফায়েল নাদাল, রজার ফেদেরার, কিম ক্লাইস্টার্স, ক্যারোলিন ওজনিয়াকির মতো শীর্ষ খেলোয়াড়রা ছিলেন এ তালিকায়। তবে প্রথম বাধা নির্বিঘ্নেই পার করতে পেরেছেন টেনিসের এ শীর্ষ তারকারা। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে নিজ নিজ খেলায় জয় পেয়েছেন তারা।
নতুন ইনজুরি শঙ্কায় নাদাল এদিন অবাছাই অ্যালেক্স কুজনেৎসভকে ৬-৪, ৬-১ ও ৬-১ গেমে হারান আসরের দ্বিতীয় বাছাই স্পেন তারকা রাফায়েল নাদাল। কিন্তু ডান-হাঁটুর চোটে কাতর নাদাল খেলা শেষ করতে পারবেন কিনা, ম্যাচের একসময় সন্দেহ দেখা দেয়।

গতবছর দেখা দেয়া বাম কাঁধে চোটের ভোগান্তি কাটালেও নাদালের এবার হাঁটুতে ইনজুরির ঘটনাটি ছিল অনেকটাই ব্যতিক্রম। হোটেলে নিজ রুমে চেয়ারে বসে থাকা অবস্থায় তার ডান-হাঁটুতে ভাঙচুরের শব্দ শোনেন নাদাল। তার ভাষায় এতে ব্যথা হচ্ছিল অবিশ্বাস্য। তবে রোববার চোটের এমআরআই স্ক্যানে গুরুতর কিছু দেখেননি নাদালের চিকিৎসকরা।
অস্ট্রেলিয়ান ওপেনেও ফেদেরারের জয়ের ‘৬০’ পূর্ণ
উইম্বলডনের গতিময় ঘাসের কোর্টে ৬০ জয় পার করেছিলেন আগেই। ষাটোর্ধ্ব ম্যাচে জয় কুড়িয়েছেন ইতিমধ্যে ইউএস ওপেনেও। এবার ৬০ পূর্ণ করলেন অস্ট্রেলিয়ান ওপেনেও। ইনজুরির ধকল সঙ্গে নিয়েই অস্ট্রেলিয়ায় পা রেখেছিলেন ১৬টি গ্র্যান্ডস্লাম শিরোপার মালিক সুইস মিস্টার রজার ফেদেরার। সপ্তাহ আগে ইনজুরির কারণে দোহা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিতে হয় বর্তমান র‌্যাঙ্কিংয়ে তিন নম্বর সেরা এ তারকাকে। শঙ্কা এখনও কাটেনি পুরোপুরি। তবে প্রথম রাউন্ড পার করেছেন সহজেই। অবাছাই আলেক্সান্ডার কুদরায়েভেতসেভকে হারান ৭-৫, ৬-২ ও ৬-২ গেমে।

 

প্রথম রাউন্ডেই হেরে গেলেন সানিয়া

অস্ট্রেলিয়ান ওপেনের এককে এবার ভারতের একমাত্র প্রতিযোগী সানিয়া মির্জা প্রথম বাধা পার করতে ব্যর্থ হয়েছেন। লড়াই করলেও শেষ রক্ষা হয়নি এ ভারতীয় তারকার। বুলগেরিয়ার সভেতানা পিরনকোভার কাছে সানিয়া এ ম্যাচ হারেন ৪-৬ ও ২-৬ গেমে। মাত্রই ১০ দিন আগে ব্রিসবেন চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়িয়েছিলেন বেলজিয়ামের টেনিস তারকা কিম ক্লাইস্টার্স। তবে পর্তুগালের অবাছাই মারিয়া জোয়াও কোহলারকে ৭-৫ ও ৬১ গেমে হারাতে বেগ পেতে হয়নি শিরোপাধারী ক্লাইস্টার্সের। অন্য ম্যাচে কাজাখস্তানের প্রতিযোগী সেনিয়া পেরভাককে ৬-৩, ৬-১ গেমে পরাজিত করে পরের রাউন্ডে গেছেন গতবারের রানারআপ চীনের লি না। একইদিনে অস্ট্রেলিয়ার আনেস্তাশিয়া রদিওনোভাকে ৬-২ ও ৬-১ গেমে হারিয়ে বাধা পেরিয়েছেন এক নম্বর তারকা ওজনিয়াকি। এছাড়া প্রথম রাউন্ডের বাধা পার করেছেন চীনের পেং শুয়াই, স্লোভাকিয়ার হানচুকোভা। তবে হেরে গেছেন ১৯তম বাছাই ফ্লাভিয়া পেনেত্তা।

আপনার মতামত দিন