বিসিবি’র সিইও মনজুর আহমেদের আকস্মিক মৃত্যুতে তার শূন্যস্থান পূরণ করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন চৌধুরী সুজন। নতুন করে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এর নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। এই বিষয়ে বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘মাত্র কিছুদিন হলো তিনি মারা গেছেন। তাই তার শূন্য পদে নতুন কাউকে দিতে আমাদের সময় প্রয়োজন। আর তা পরবর্তী বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বোর্ড মিটিংয়ের আগে নতুন করে কারও নিয়োগ দেয়া যাবে না।’
গত ১০ই জানুয়ারি বিসিবি’র সিইও মনজুর আহমেদের আকস্মিক মৃত্যুতে পদটি শূন্য হয়ে পড়ে। নিজাম উদ্দিন চৌধুরী এর আগেও ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের আগস্ট পর্যন্ত ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।



