বিশ্ব টি-২০ ক্রিকেটের পঞ্চম আসরের আয়োজক বাংলাদেশ। পুরুষ বিভাগের সাথে প্রমিলা ক্রিকেটেরও আসর বসবে বাংলাদেশে। ২০১৪, মার্চ মাসে শুরু হতে যাওয়া এই টূর্ণামেন্টের প্রস্তুতি ইতোমধ্যেই নেয়া শুরু করে দিয়েছে। এর মধ্যে ভেন্যু প্রস্তুতি অন্যতম। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিদর্শক দল ভেন্যু, ক্রিকেটার-কর্মকর্তাদের জন্য আবাসন এবং নিরাপত্তাসহ সার্বিক বিষয় পর্যবেক্ষণ করবেন। টি২০ বিশ্বকাপের পুরুষদের জন্য মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সিলেট বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও মহিলা ক্রিকেটের জন্য কক্সবাজার স্টেডিয়ামকে প্রাথমিকভাবে মনোনয়ন করা হয়েছে।