শুরু হলো ৮ম বাংলাদেশ গেমসের মশাল র‌্যালি উৎসব। সাভার জাতীয় স্মৃতি সৌধে গতকাল বিকাল ৪.২৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশাল প্রজ্জ্বলন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আহাদ আলী সরকার এমপি। এ সময় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সমন্বয় কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান মানু ও সিরিমনিজ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল হাসান সারওয়ার্দী উপস্থিত ছিলেন । প্রধান অতিথি মশাল প্রজ্বলনের পর তুলে দেন সাতারু লায়লা নুর ও তায়কোয়ানডো খেলোয়াড় ও সংগঠক ইমামুল ইসলাম সেলিমের হাতে। এর আগে মশাল নিয়ে ২২ মিনিটের নান্দনিক প্রদর্শনী করে ক্যান্টমেন্ট বোর্ড বালিকা ও ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। আগামীকাল বিকাল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে শেষ হবে র‌্যালিটি।

ক্রীড়াবীদ বিকাল ৪.৩৫ মিনিট শুরু করেন মশাল র‌্যালি। ৪.৩ কিলোমিটার পথ ভ্রমন শেষে র‌্যালিটি ৪৫ মিনিট পর পৌঁছায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে। এ সময়ে র‌্যালিকে রাস্তার পাশে দাঁড়িয়ে ছোট কাগজের পতাকাসহ স্বাগত জানায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। মশাল র‌্যালীতে সাবেক কৃতি অ্যাথলটরা অংশ নেন। র‌্যালীটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমিন বাজার, গাবতলী হয়ে আর্মি স্টেডিয়ামে পৌঁছে। আগামীকাল আবার আর্মি স্টেডিয়াম থেকে দুপুর ২টায় মশাল র‌্যালিটি শুরু হবে। মশাল বহন করবেন ৩৬ জন ক্রীড়াবিদের একটি দল। ১১.৫ কিলোমিটার পথ প্রদক্ষিণ শেষে তারা বিকাল ৫টায় পৌঁছাবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। যারা আর্মি স্টেডিয়াম থেকে মাশাল বহন করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়ে আসবেন তারা হলেন, জিমন্যাস্টিক্সেও মোঃ ইকবাল হোসেন, রওশন আরা ছবি, হ্যান্ডবলের সালাউদ্দিন আহমেদ, জাহানারা বেগম, উশুর আলমগীর শাহ ভুঁইয়া, সামদাদ তানভীর, দাবার শামীমা আক্তার লিজা, জুডোর মোঃ মাহবুবুল আলম, মোঃ আমিনুল ইসলাম,সুইমিংয়ের লায়লা নূও বেগম, হকির আজিজুল্লাহ হায়দার জামাল, তায়কোয়ানডোর আলহাজ্ব এটিএম আমিরুল গনি, ইমামুল ইসলাম, ভলিবলের জাকির হোসাইন, মোঃ মফিজুল ইসলাম, রাগবীর সাঈদ আহমেদ, এস আই এম ফেরদৌস আলম, গলফের নাবিল ইবনে নাকিব, খন্দকার রাহাত তাহসিন পরশ, কাবাডির আব্দুল জলিল, কাবাডির মোঃ আব্দুল কাইয়ুম শিকদার, বাস্কেটবলের মইনুল আহসান মনজু, ওয়াসিফ, খো-খোর কায়সার জাহিদ আহমেদ, মোঃ আল আমিন, টেবিল টেনিসের সাঈদুল হক সাদি, রেসলিংয়ের মোঃ আশরাফ আলী, মোঃ মিজানুর রহমান, স্কোয়াশের আনিসুল হক (হানি), ভোলা লাল চৌহান, টেনিসের খালেদ সালাউদ্দিন, বক্সিংয়ের মোহাম্মদ আবদুর রহিম, মোঃজুয়েল আহমেদ, শূটিংয়ের আতিকুর রহমান, শরীর গঠনের মোস্তাক আহমেদ, রবিউল ইসলাম।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মশাল বহন করবেন চারজন কৃতি ক্রীড়াবীদ। তারা হলেন, শামীমা সাত্তার মিমু, সাবরিনা সুলতানা, শেখ আসলাম এবং উইং কমান্ডার মোঃ রফিকুল ইসলাম। স্টেডিয়াম প্রদক্ষিণ শেষে মশাল প্রজ্জ্বলন করবেন সাবেক হকি তারকা জুম্মন লুসাই। এরপর শপথ বাক্য পাঠ করানো হবে। পুরুষ ক্রীড়াবিদদের পক্ষ থেকে দেশের দ্রুততম মানব মোহন খান, মহিলাদের পক্ষ হয়ে দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটি এবং জাজ হিসেবে শপথ বাক্য পাঠ করবেন হ্যান্ডবলের জাজ উত্তম সেন গুপ্ত।

সংবাদ বিজ্ঞপ্তি