ঢাকা প্রিমিয়ার লিগে ২০ জুন ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে এবং সেখানে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে ১২টি ক্লাব খেলোয়াড়দের দলে ভিড়াবেন। ক্রিকেটারদের শ্রেণীবিভাাগ ও পারিশ্রমিক নির্ধারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আগামী সপ্তাহ পর্যন্ত সময় চেয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। চলতি সপ্তাহতেই এই তালিকা দেবার কথা ছিল সিসিডিএমের। কিন্তু সেটা খসড়া হওয়ায় তা চূড়ান্ত করতে পারছে না বিসিবি। সেজন্য সিসিডিএম এক সপ্তাহের সময় চেয়েছে বোর্ড সভাপতি কাছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং সিসিডিএমের সভাপতি জালাল ইউনুস বলেন, “ঢাকা প্রিমিয়ার লিগের সব কিছু বিসিবি সভাপতি দেখছেন। আমরা একটা খসড়া করেছি। বিসিবি সভাপতি গতকাল (মঙ্গলবার) বিদেশ থেকে ফিরেছেন। শিগগিরিই তাকে খসড়াটা দেয়া হবে। আশা করি রবি-সোমবারের মধ্যে শ্রেণীবিভাগের সব কিছু চূড়ান্ত হয়ে যাবে।”