সময়মতোই ফর্মে ফিরেছেন শহীদ আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজ সফরে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে টি ২০ ক্রিকেটে জনপ্রিয়তা ফিরে পেয়েছেন পাকিস্তানের এই তারকা। দেরিতে হলেও তাকে চুক্তির প্রস্তাব দিয়েছে উদ্বোধনী ক্যারিবীয় প্রিমিয়ার লীগের (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি সেন্ট লুসিয়া। শুরুতে বিদেশী খেলোয়াড়দের তালিকায় ছিলেন না আফ্রিদি। ক্যারিবীয় সফরে পাকিস্তানের ওয়ানডে সিরিজ শেষে সেন্ট লুসিয়ার প্রস্তাবের কথা নিশ্চিত করেছেন এই অলরাউন্ডার, আমাকে চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে। কী হয় দেখা যাক। ওয়েস্ট ইন্ডিজে বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহণে এবারই প্রথম পেশাদার টি ২০ লীগ হতে যাচ্ছে। এ ধরনের বড় টুর্নামেন্ট খেলতে আমার ভালো লাগে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার পর ক্যারিবীয় সফরে দলে ফেরেন আফ্রিদি। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেছেন ১০ উইকেট নিয়ে। ব্যাট হাতে দুটি বড় ইনিংসও খেলেছেন, যার মধ্যে প্রথম ম্যাচে ৭৬ রানের ম্যাচজয়ী ইনিংসও ছিল। একটি সূত্র জানিয়েছে, অধিনায়ক ড্যারেন স্যামির সুপারিশে সেন্ট লুসিয়া প্রস্তাব দিয়েছে আফ্রিদিকে। ইতিমধ্যে পাকিস্তানের টি ২০ অধিনায়ক মোহাম্মদ হাফিজ ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল-হক, ওপেনার আহমেদ শেহজাদ ও শোয়েব মালিক সিপিএলের সঙ্গে চুক্তি করেছেন।