বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন, এবারের প্রিমিয়ার লিগে তিনি গাজী ট্যাংক কিংবা ব্রাদার্সের খেলতেন। শনিবার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, এবার গাজী ট্যাংক অথবা ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলতাম। আমার আগে থেকেই ইচ্ছে ছিলো গাজী ট্যাংকের হয়ে খেলার। কিন্তু নতুন পদ্ধতিতে ব্রাদার্সের হয়ে খেলছি বলে আমার কোন আক্ষেপ নেই।’ ‘প্লেয়ার বাই চয়েস’ পদ্ধতিতে লটারীর ভাগ্যে ব্রাদার্সের হয়ে খেলবেন তামিম ইকবাল। আগামী ১০ সেপ্টেম্বর লিগের উদ্ধোধনী দিনে রাজশাহীতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। গত আসরে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার হয়ে খেলেছিলেন তামিম-সাকিব। কিন্তু ভিক্টোরিয়ার চেয়ারম্যান লুৎফর রহমান বাদল গাজী ট্যাংকের হয়ে প্রতিনিধিত্ব করায় এবারের আসরে সাকিব ও তামিমের গাজী ট্যাংকের হয়ে খেলা এক প্রকার নিশ্চিত ছিলো। খেলোয়াড় দলবদলের নতুন পদ্ধতিতে লটারীতে সাকিব তামিম দুজনই দুই ক্লাবে। প্রথম বারের মতো তামিম ব্রাদার্সের হয়ে খেলবেন এ বিষয়ে তামিম বলেন, চট্টগ্রাম ব্রাদার্সের হয়ে আগে খেলেছি। ইচ্ছে ছিলো ব্রাদার্স ইউনিয়নে খেলবো। সেই ইচ্ছে পূরণ হয়েছে।’ তামিম ইকবালের সাথে ব্রাদার্সে রয়েছে সোরাওয়ার্দি শুভ, শুভাগত হোম, অলোক কাপালি। দল নিয়ে তামিম বলেন, ‘লোকাল হিসেবে ব্রাদার্স খুব ভালো দল পেয়েছে। আশা করি লোকাল খেলোয়াড়রা শতভাগ দিলে লিগে ভালো ফলাফল পাওয়া সম্ভব।’ এদিকে দলের সাথে ভারতীয় যুবরাজ সিং যোগ দেবার কথা থাকলেও ভারতীয় বোর্ডের জটিলতায় তিনি আসতে পারছেন বলে জানিয়েছেন তামিম। বিদেশি খেলায়াড়দের নিয়ে দল গঠন সম্পর্কে তামিম বলেন,‘ যুবরাজের খুব ইচ্ছে ছিলো খেলার। ও নিজেও বেশ আগ্রহ দেখিয়ে চেষ্টা করেছে। কিন্তু বিসিসিআইয়ের কারণে আর হলো না। এছাড়া আমি ব্যক্তিগত ভাবে কয়েকজন ভালো খেলোয়াড়ের সাথে যোগাযোগ করেছি। অনেকের খেলা আছে। নইলে আসতে পারতো। কিন্তু আজহার মেহমুদ, শ্রীলংকান অ্যাঞ্জেলো ম্যাথুউস এবং সানতেনায়োকি তিন-চারদিনের মধ্যেই দলের সাথে যোগ দিবেন।’ চ্যাম্পিয়ন হবার লক্ষ্য আছে কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন,‘আমরা ধারবাহিক ভাবে ভালো করতে চাই। চ্যাম্পিয়ন হবার লক্ষ্য তো আছেই তবে ক্লাব থেকে কোন চাপ নেই।’ এদিকে আ জ ম নাসির জানান,‘ক্লাব থেকে শতভাগ সাপোর্ট খেলোয়াড়দের দেয়া হয়েছে। চ্যাম্পিয়ন হবার কোন তাড়া নেই আমাদের। আমরা ধারাবাহিকভাবে মাঠে পারফর্ম করতে চাই। আমরা খেলোয়াড়দের কোন প্রকার চাপ দিচ্ছি না। নিজেদের সর্বোচ্চটুকু দিলে সাফল্য আসবে।’