বিসিবির নির্বাচন প্রক্রিয়া এগোচ্ছিলই না। জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচন কমিশন ঘোষণা করেনি। কাউন্সিলর চেয়ে চি
ঠি দিচ্ছিল না বিসিবি। অবশেষে বুধবার নির্বাচনী কার্যক্রম শুরু করেছে বিসিবি। বুধবার সকল ক্লাব, জেলা ও বিভাগ পর্যায়ে কাউন্সিলরশীপ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন। চিঠি দেয়া হয়েছে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বরাবর। চিঠির সঙ্গে দেয়া হয়েছে কাউন্সিলর ফরম। বিসিবির দেয়া ফরমেই কাউন্সিলরের নাম পাঠাতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে। কাউন্সিলরের নাম ৭ দিনের মধ্যে পাঠাতে হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। কাউন্সিলরশীপ নিশ্চিত হলেই জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচনের তারিখ ঘোষনা করবে। এদিকে বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অক্টোবরের ১০ বা ১২ তারিখে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ সময় নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থাকলেও আইসিসির দাবি অনুযায়ী বিসিবি নির্বাচন একান্ত জরুরী।