জয় দিয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ৩য় রাউন্ড শুরু করেছে ব্রাদার্স ইউনিয়ন। নাজমুস সাদাত আর অ্যাঞ্জেলো ম্যাথুসের চমৎকার ব্যাটিংয়ে শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে ব্রাদার্স। লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান ভিক্টোরিয়ার এটি প্রথম হার। অন্যদিকে প্রথম ম্যাচ হারলেও, টানা দুই ম্যাচ জিতে দারুণভাবে টুর্নামেন্টে প্রত্যাবর্তন করেছে ব্রাদার্স। শুক্রবার সকালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা ভিক্টোরিয়া ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৩ রানের সাদামাটা স্কোর দাঁড় করায়। জবাবে সাদাত-ম্যাথুসের ১৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩৭ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয়ের লক্ষ্য পার হয় ব্রাদার্স। হোম অব ক্রিকেট নামে পরিচিত শেরে বাংলা স্টেডিয়ামে ভিক্টোরিয়ার স্কোরটাকে খুব বেশি বড় হতে দেন নি ব্রাদার্সের তিন বিদেশি বোলার। দেশিয় বোলারদের খরুচে বোলিংয়ের মাঝেও, তিন বিদেশির নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট তুলে নিয়ে ভিক্টোরিয়ার স্কোরটাকে ২১৩ রানের মধ্যে বেঁধে রাখে ব্রাদার্স। ভিক্টোরিয়ার রানের খাতা খোলার আগেই ইনিংসের ২য় ওভারেই রান আউটের শিকার হন ওপেনার মাইশুকুর রহমান। এরপর আজহার মেহমুদ আর অ্যাঞ্জেলো ম্যাথুস ঝটপট ৩ উইকেট তুলে নিলে মাত্র ১১ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে ভিক্টোরিয়া। এ অবস্থায় অধিনায়ক নাসির হোসেন যুবায়ের আহমদেকে নিয়ে দলের ব্যাটিং বিপর্যয় কিছুটা সামাল দেন। দলীয় ৫৮ রানের মাথায় নাসিরকে (৩৫) ফিরিয়ে আবারও ভিক্টোরিয়াকে ব্যাকফুটে ফেলে দেন সানজামুল ইসলাম। ভিক্টোরিয়ার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রান করেন যুবায়ের আহমেদ। শেষদিকে মো. শরিফ (৫৯ বলে ৩৩), সাজেদুল ইসলাম (২২ বলে ২৭), এনামুল হক (১৯ বলে অপরাজিত ২৯) আর মনির হোসেন (১৫ বলে ১৬) রান করে দলকে দ্বি-শতাধিক সংগ্রহ এনে দেন। ব্রাদার্সের শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ৯ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন। আরেক শ্রীলঙ্কান স্পিনার সচিত্রা সেনানায়েকে একটি মাত্র উইকেট পেলেও ১০ ওভারে রান দিয়েছেন মাত্র ১৮। অন্যদিকে ব্রাদার্সের আরেক বিদেশি পাকিস্তানি বংশোদ্ভুত আজহার মেহমুদ পুরো ১০ ওভার বোলিং করে ২ উইকেট পান ৩২ রান খরচায়। এই তিন বিদেশির কৃপণ বোলিংই মুলত ভিক্টোরিয়ার রানের চাকা থামিয়ে রাখে। তবে শেষদিকে ব্রাদার্সের দেশিয় অলরাউন্ডার ইমতিয়াজ হোসেন তান্না মাত্র ৩ ওভার বল করে ৭ রান দিয়ে ২টি উইকেট নেন। বিরতির পর ২১৪ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নামা ব্রাদার্স শুরুতেই হার্ড হিটার ওপেনার তামিম ইকবালের উইকেট হারালেও, মিডল অর্ডারে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও নাজমুস সাদাতের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটের সহজ জয় পায়। শুরুতে তামিমের ঝোড়ো ব্যাটিংয়ের পর (১০ বলে ১৯), ইমতিয়াজ হোসেন (৪৩ বলে ২২), নাফিস ইকবাল (২৭ বলে ২১) আর মেহরাব হোসেন জুনিয়রের (০) উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে যায় ব্রাদার্স। এ অবস্থায় ৬৬ রানে ৪ উইকেট হারানো দলকে সহজ জয় এনে দেন সাদাত-ম্যাথুস জুটি। এই জুটি শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে ১৬২ বলে ১৪৮ রান সংগ্রহ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সাদাত ৯৭ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮২ আর ম্যাথুস ৭৬ বলে ৬ ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থাকেন। ম্যাচজয়ী ইনিংসটির জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাদাত। ম্যাচ শেষে ওয়ালটনের নির্বাহী পরিচালক (এইচআরএম) এসএম জাহিদ হাসান সেরা খেলোয়াড়ের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন) উদয় হাকিম, উপ-পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ফিরোজ আলম, এজিএম রবিউল ইসলাম মিল্টন এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশীদ রাহুল। এই নিয়ে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে ব্রাদার্স। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে একমাত্র জয়ে ভিক্টোরিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট।