ঢাকা প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর জয়ে ফিরলো মতিঝিল পাড়ার ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৪২ রানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজা। টসে হেরে ব্যাটিং করতে নেমে মোহামেডান স্পোর্টিং ক্লাব সব উইকেট হারিয়ে ২৪০ রান জমা করে। জবাবে নাসির বিহীন ভিক্টোরিয়া ১৯৮ রানে গুটিয়ে যায়। সকালে টসে হেরে ব্যাটিং করতে নেমে উদ্ধোধনী জুটিতে এজাজ আহমেদ ও রাজিন সালেহ ৬৩ রান যোগ করেন। মোহামেডান শিবিরে প্রথম আঘাত আনেন সৌম্য সরকার। রাজিন সালেহ ২৫ রানে এলবিডব্লুর ফাঁদে পড়েন। এরপর ৪৪ রানে রান আউট হয়ে ফিরে যান এজাম মোহাম্মদ। এরপর তৃতীয় উইকেটে শামসুর রহমান ও উপুল থারাঙ্গা ৭৮ রান যোগ করেন। শামসুর ৪৪ রানে আউট হন। উপুল ইনিংস মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন। ভিক্টোরিয়ার হয়ে মনির বল হাতে চার উইকেট দখলে নেন। এছাড়া একটি করে উইকেট নেন সাজেদুল ইসলাম, সালিকা কারুনানায়েক ও সৌম্য সরকার। জবাবে অসিলা গুনারতেœর বোলিংয়ে দলীয় ২৪ রানে দুই উইকেট হারায় ভিক্টোরিয়া। মায়শুকুর রহমান ৫ ও সালিকার ২ রানে ফিরে যান। এরপর স্কোরবোর্ডে ৪০ রান যোগ হতে মুক্তার আলীর কাছে রাসেল আল মামুন (৩২) ও খালেদ বিল্লালকে (১৪) ফিরিয়ে দেন। ৬৪ রানের চার উইকেট হারানো ভিক্টোরিয়াকে টেনে তুলেন মিলিন্দা শ্রীবর্দনা ও সৌম্য হাল। মাশরাফি ৯৫ রানের এই সেরা জুটি ভাঙলে আর উঠে দাঁড়াতে পারেনি তারা। সৌম্য ইনিংস সেরা ৫৭ ও মিলিন্দা দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রানে মোহামেডান অধিনায়কের কাছে উইকেট হারান। ভিক্টোরিয়ার অবশিষ্ট তিন উইকেট তুলে নেন তিনি। এদিন মোহামেডানের পক্ষে সেরা উইকেট শিকারী মুরাদ। দুটি করে পেয়েছেন মাশরাফি, অসিলা ও মুক্তার। ম্যাচ সেরা নির্বাচিত হন উপল থারাঙ্গা।
জয়ে ফিরলো মোহামেডান