বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত নয় জনের বিরুদ্ধে প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। আগামী
বছরের ১৯ জানুয়ারী দ্বিতীয় দফা শুনানির দিন ধার্য করেছে বিসিবির ট্যাইবুনাল। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি’র শৃঙ্খলা কমিটির নির্বাচিত দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের আহ্বায়ক সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। প্রথম দিনের শুনানি শেষে তিনি বলেন,‘ ‘সারাদিন আমরা সবপক্ষের হেয়ারিং শুনলাম। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। আগামী শুনানি হবে ১৯ জানুয়ারি।’ ট্রাইব্যুনালের তদন্তের স্বার্থে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার বিভিন্ন বিষয় প্রকাশ করছেন না আইনজীবিরা। তবে প্রথম দিনের ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না স্পট ফিক্সিংয়ে দোষ স্বীকার করা মোহাম্মদ আশরাফুল। তার পক্ষে থেকে তার বিদেশী আইনজীবি ইয়াসিন প্যাটেল স্কাইপের মাধ্যমে ট্রাইবুনালের সঙ্গে কথা বলেন। অভিযুক্ত দুই ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ও মাহবুবুল আলম রবিনের আইনজীবি নুর-উস সাদিক উপস্থিত ছিলেন। তিনি বলেন,‘যেহেতু ট্রাইব্যুনেলের বিচার প্রক্রিয়া চলছে তাই সব কিছু বলা যাবে না। শুনানি আরো আছে। এই ট্রাইব্যুনেল এই আধুনিক ট্রাইব্যুনেল। ট্রাইব্যুনেলের সঙ্গে সবাই যোগাযোগ করেছে। কেউ চ্যাটের মাধ্যমে আবার কেউ স্কাইপির মাধ্যমে যোগাযোগ করেছেন।’ ঢাকা গ্ল্যাডিয়েটরসের প্রধান আইনজীবি ব্যারিস্টার নওরোজ চৌধুরি উপস্থিত ছিলেন। এছাড়া, লোকুয়ারাচ্চি ড্যারেন স্টিভেন্সের আইনজীবিও ট্রাইব্যুনালের সামনে হাজিরা দেন স্কাইপের মাধ্যমে। শুনানিতে উপস্থিত ছিলেন আইসিসির আইন বিভাগের তিন কর্মকর্তা। লিগাল ডিপার্টমেন্টের প্রধান ইয়ান হেগিন্স, প্রসিকিউটর জোনাথন টেইলর ও আইন কর্মকর্তা স্যালি ক্লার্ক।