হরতাল ও অবরোধে কারনে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দল বাংলাদেশ সফর বাতিল করেছে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে দেশে ফিরে যেতে চাচ্ছে খেলোয়াড় ও কর্মকর্তারা। সামনেই টি-২০ বিশ্বআসর। এর আগে শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজ ও এশিয়া কাপ। সব মিলিয়ে দেশের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা নিয়ে কি ভাবছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা। জানতে চাওয়া হল বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজনের কাছে। জানালেন, নিরাপত্তা ইস্যু ও দেশের রাজনৈতিক অবস্থাকে এখনই বড় করে দেখছেন না তারা। আশা রাখছেন শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। সাক্ষাতকারের গুরুত্বপূর্ণ অংশ পাঠকদের জন্যে তুলে ধরা হলো।

প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজের সফর বাতিলকে কিভাবে দেখছেন?

নিজাম উদ্দিন সুজন: গত ৭ ডিসেম্বর টিম হোটেলের কাছেই কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। যার কারণে টিম ম্যানেজম্যান্ট উদ্বিগ্ন হয়ে পড়ে। একদিন পিছিয়ে দেয়া হয়েছিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। সোমবার ম্যাচ হবার কথা থাকলেও নিরাপত্তা নিয়ে দলের কর্মকর্তারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না। সেকারণেই সিরিজ বাতিল করতে চাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।

প্রশ্ন: ক্রিকেট বোর্ডের থেকে কি ব্যবস্থা নেয়া হচ্ছে?

নিজাম উদ্দিন সুজন: বোর্ড কর্মকর্তাদের সাথে ওয়েস্ট ইন্ডিজের কর্মকর্তাদের সাথে আলোচনা হচ্ছে। ক্রিকেট বোর্ড থেকে দুজন পরিচালক চট্টগ্রামে অবস্থান করছেন। তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে ককটেল বিস্ফোরন তাদেরকে লক্ষ্য করে করা হয়নি। আশা করছি তারা তাদের সিদ্ধান্ত বাতিল করে ম্যাচে ফিরে আসবে।

প্রশ্ন: নিরাপত্তা নিয়ে কোন ঘাটতি ছিল?

নিজাম উদ্দিন সুজন: টিম হোটেলের আশে-পাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বোর্ডের সাথে প্রতিনিয়ত নিরাপত্তা বাহিনীর প্রধানের সাথে যোগাযোগ রয়েছে। ৭ তারিখে যেই ঘটনাটা ঘটেছে তা পুরোটাই অনাকাক্ষিত। এছাড়া পুরো স্টেডিয়ামেও পর্যাপ্ত নিরাপত্তা রাখা হয়েছে।’

প্রশ্ন:  ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাতিল হলে টি-২০ বিশ্বকাপে কোন প্রভাব পড়বে?

নিজাম উদ্দিন সুজন: টি-২০ বিশ্বকাপ শুরু হতে অনেক দেরি। তাই এখনই টি-২০ বিশ্বকাপকে নিয়ে কোন বড় চিন্তা বোর্ড করছে না। এর আশে শ্রীলংকার বিপক্ষে ঘরোয়া সিরিজ ও এশিয়া কাপ আছে। আশা করছি সে সময়ে সকল সমস্যার সমাধান পাওয়া যাবে।

প্রশ্ন: দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিসিবি ও আইসিসি কতটুকু উদ্বিগ্ন?

নিজাম উদ্দিন সুজন: দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে ঝুঁকির মধ্যে থাকলেও আশা করছি সব ঠিক হয়ে যাবে। পূর্বে এরকম হয়েছিল কিন্তু ক্রিকেটকে কেন্দ্র করে সব ঠিক হয়ে গিয়েছিল। এটা একটা সময়ের ব্যাপার মাত্র। একদিনেই সমাধান করা সম্ভব। আইসিসি চিন্তিত থাকলেও আমরা প্রতিনিয়ত তাদের রিপোর্ট করছি। তারাও পর্যবেক্ষণ করছে। বোর্ড থেকেও আশ্বস্ত করা হচ্ছে  শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে।’