টি-২০ বিশ্ব আসরকে সামনে রেখে জাতীয় দল ও ‘এ’ দল লড়ছে চ্যালেঞ্জ কাপ টি-২০ সিরিজে। ইতিমধ্যেই তিন ম্যাচের টি-২০ সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। আগামীকাল শনিবার তৃতীয় ম্যাচে মাঠে নামবে এই দুই দল। দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে ১২ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ‘এ’ দলের কাছে পরাজিত হয় জাতীয় দল। তবে হার-জিতের লড়াইকে ছাপিয়ে আগামীকালের ম্যাচের কেন্দ্রবিন্দু থাকছেন নাসির হোসেন। মাহমুদুুল্লাহর পরিবর্তে অলরাউন্ডার নাসির হোসেনের নাম মুশফিকের ডেপুটি হিসেবে বেশ জোরে শোরেই উচ্চারিত হচ্ছে। নেতৃর্ত্বের পরীক্ষায় নাসির কতটুকু সফল তা যাচাইয়ের জন্যে বিসিবি ‘এ’ দলের দায়িত্ব দেয় নাসিরের কাঁধে। যার প্রমান নাসির দেন মুশফিককে হারিয়ে। নেতৃত্বের সাথে সাথে ব্যাট ও বল হাতে সাফল্য দেখিয়েছেন নাসির। প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৭ রানের পর বল হাতে নেন ১ উইকেট। একদিন পর দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি। এদিন বল হাতে ২১ রানে ২ উইকেট নিয়ে ব্যাট হাতে দলকে জয়ের মুখ দেখান তিনি। ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন মাত্র ৩১ বলে। যাতে ছিল ৭টি চার ও ৩টি ছয়ের মার। বিসিবি মুশফিককে ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্বে বহাল রেখেছে। কিন্তু সহ-অধিনায়কের পদে কাউকে এখন পর্যন্ত নিয়োগ দেয়নি। চ্যালেঞ্জ কাপে ‘এ’ দলের দায়িত্ব তুলে দিয়ে পরোক্ষভাবে বিসিবি যে নাসিরকেই সহ-অধিনায়ক হিসেবে পছন্দ করছে। সেটা মুখে না বললেও অনুমেয়। আর চ্যালেঞ্জ কাপের এসিড টেস্টে জয়ী হয়েছেন নাসিরও।