b34e4249cdd2c44bbb76636e6c4252cf20131120মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুললো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলে শেখ জামাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে শেখ জামালের হয়ে জয়সূচক গোলটি করেন নাসির উদ্দিন চৌধুরী। মহামূল্যবান এই গোলটি আসে সনি নর্দের কর্ণার কিক থেকে। বাম প্রান্ত থেকে সনি নর্দের কর্ণার কিক থেকে  হেড করে গোল করেন নাসির। টুর্নামেন্টে নর্দে ৭টি গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হলেও ফাইনাল ম্যাচের সেরা হন সতীর্থ ওয়াডসন।  ম্যাচের শেষ ভাগে গোল করলেও ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা গোল মিসের মহড়া দেয়। প্রথমার্ধের ৪ মিনিটে সনির গোলে এগিয়ে যেতে পারতো জামাল। কিন্তু গোল রক্ষকের দৃঢ়তায় গোলবঞ্চিত হয় তারা। এরপর ১০ মিনিটের সময় ফ্রি কিক পেয়েও কাজে লাগাতে পারেনি মুক্তিযোদ্ধা। ৩৪ মিনিটে সনির ফ্রি কিক থেকে আব্দুলাহির নেয়া হেড গোল বারের উপর দিয়ে চলে যায়।  এর দু’মিনিট পর সুযোগ এসেছিলো মুক্তিযোদ্ধার। এলিটার ফ্রি কিক জামালের রক্ষণে বাধাপ্রাপ্ত হয়। ৩৬ মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিলো হলুদ জার্সীধারীরা। কিন্তু ওয়েডসনের দুর্দান্ত শটটি আটকে দিয়ে এযাত্রা দলকে রক্ষা করেন রাসেল মাহমুদ লিটন। এরপর একের পর একে আক্রমণে ম্যাচ এগিয়ে যেতে থাকে। কিন্তু শেষ বাঁশি বাজার ৭ মিনিট পূর্বে গোল হজম করতে হয় মুক্তিযোদ্ধার। এ মৌসুমে কাগজে কলমে সেরা দল শেখ জামালই। নতুন মৌসুমকে কেন্দ্র করে প্রায় নয় কোটি টাকার দল গড়েছে তারা। মৌসুমের সব শিরোপা ঘরে তুলতে। সে লক্ষ্যে ফেডারেশন কাপ জয় করে এক পা এগিয়ে গেল ধানমন্ডি পাড়ার এই ক্লাব।