মার্শাল আইয়ুবের শতকে বিসিএল’র দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাড়িয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। প্রথম ইনিংসে ১৬৫ রান করা ওয়ালটন দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩১৮ রান সংগ্রহ করেছে। মার্শাল আইয়ুব দ্বিতীয় দিন শেষে ১২২ রানে অপরাজিত রয়েছেন। ১৯০ বলে ১৪ চার ও ২ ছয়ে ১২২ রান করেছেন তিনি। তার সাথে ৪ রানে দিন অপরাজিত থেকে দিন শেষ করেন মেহরাব হোসেন জুনিয়র। প্রাইম ব্যাংক সাউথ হোনের থেকে দ্বিতীয় ইনিংসে ২৫৩ রানে এগিয়ে আছে ওয়ালটন। এর আগে প্রাইম ব্যাংক সাউথ জোন প্রথম ইনিংসে ২৩০ রান করে। ৬৫ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়ালটন। শুরুতেই শামসুর রহমান ও শাহরিয়ার নাফিস ৫১ রান যোগ করেন। নাফিস ২৭ রানে ফিরে যাবার পর ক্রিজে আসেন মার্শাল। শামসুর রহমানকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৮৭ রান করেন। প্রথম রাউন্ডে শতক হাকানো শামসুর রহমান ৬৫ রানের বেশি করতে পারেননি। তাইবুর পারভেজের বলে জিয়ার হাতে ক্যাচ দেন শুভ। ৮৪ বলে ১০ চারে ৬৫ রান করেন তিনি। চা-বিরতির আগে ২৫ রানে অপরাজিত থাকা রকিবুল হাসান বিরতির পর ৫ রান যোগ করে শিবলুর বলে সাজঘরে ফিরেন। উইকেটের পিছনে তার ক্যাচ লুফে নেন আনামুল হক বিজয়। চতুর্থ উইকেটে ওয়ালটনকে বড় সংগ্রহ এনে দেন মার্শাল ও অধিনায়ক মাহমুদুল্লাহ। ৮৭ রান যোগ করে এই জুটি । রান খরায় থাকা মাহমুদুল্লাহ মার্শালকে সঙ্গে নিয়ে দলকে ৩১০ রান পর্যন্ত টেনে নিয়ে যান। দ্বিতীয় দিনের শেষ প্রান্তে তাইবুর পারভেজের শিকার হন রিয়াদ। ৬০ বলে ৪১ রান আসে তার ব্যাট থেকে। একই ওভারের শেষ বলে নাইট ওয়াচম্যান হিসেবে নামা ইলিয়াস সানীকে সাজঘরে পাঠান। এরপর আর কোন উইকেট হারায়নি ওয়ালটন। এর আগে প্রাইম ব্যাংকের শিবিরে একাই ধস নামান রিয়াদ। ৯৪ রানে ৭ উইকেট নেন তিনি।
মার্শালের শতকে চালকের আসনে ওয়ালটন