bdটি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম রাউন্ডে আফগানিস্তান ও নেপালকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা চমৎকার করে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে অঘটনের শিকার হয় টাইগাররা। প্রথম কোন টেস্ট খেলেড়ু দেশের বিপক্ষে টি-টোয়েন্ট ক্রিকেটে জয় তুলে নেয় হংকং। রান রেটে এগিয়ে থাকায় নেপালকে টপকে সুপার টেনে জায়গা পেয়েছে বাংলাদেশ। সুপার টেনে বা দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ খেলবে ২ নম্বর গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশ সহ রয়েছে আরও চার প্রতিপক্ষ। দলগুলো হল ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। চার দলের তিন দলেরই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। দুই বছর পর ২০০৯ সালে শিরোপার স্বাদ নেয় পাকিস্তান। ইংল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কাকে হারায় তারা। ২০১০ সালে শিরোপা পায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে হারিয়ে জয় পায় তারা। সর্বশেষ ২০১২ সালে শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন কাতারে নাম লিখায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের গ্রুপে একমাত্র অস্ট্রেলিয়াই টি-টোয়েন্টির শিরোপা ঘরে উঠাতে পারেনি। বাংলাদেশের সুপার টেনের পরীক্ষা শুরু হবে আগামী ২৫ মার্চ। মিরপুর স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা। এই বিশ্বকাপের আগে বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০৭ সালে জয় পায় তারা। ২৮ মার্চ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ২০০৭ আসরের চ্যাম্পিয়ন ভারত। দুদিন পর পাকিস্তানের বিপক্ষে খেলবে মুশফিক-সাকিবরা। এরপর ১ এপ্রিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টেনের মিশন শেষ হবে টাইগারদের।