Bangladesh-dejected.jpgশতক হাকিয়ে যতটা না খুশি দেখা গেল পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদকে; বাংলাদেশকে হারিয়েও তার থেকে বেশি খুশি মনে হল তাকে। খুশি হবার কারণ তো একটা নয়। একদিকে বাংলাদেশকে হারানোর স্বাদ অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল দ্বিতীয় আসরের চ্যাম্পিয়নরা। রোববার গুরুত্বপূর্ণ এক ম্যাচে বাংলাদেশকে ৫০ রানের বিশাল ব্যবধানে হারায় পাকিস্তান। মিরপুর স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করতে নেমে ১৯০ রানের পাহাড় সমান রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে বাংলাদেশ ৭ উইকেটে ১৪০ রানের বেশি তুলতে পারেনি। এ পরাজয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে স্বাগতিক বাংলাদেশ। সুপার টেনে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ নিলো মুশফিক বাহিনী। বাংলাদেশ বোলারদের উপর চেপে বসে আহমেদ শেহজাদ প্রথম পাকিস্তানী হয়ে টি-টোয়েন্টিতে শতক তুলে নেন। মাত্র ৬২ বলে ১০ চার ও ৫ ছয়ে ১১১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। শেহজাদ ছাড়াও শোয়েব মালিক ২৬ ও আফ্রিদী ২২ রান করেন। বোলিং ব্যার্থতার দিনে বাংলাদেশের তিন পেসার  মাত্র ১ উইকেটে ১২২ রান খরচ করেন। এর মধ্যে মাশরাফি ৪ ওভারে ৬৩, আল-আমিন ৪ ওভারে ৩৭ ও জিয়াউর রহমান ১ ওভারে ২২ রান ব্যয় করেন।  বোলিংয়ে সাফল্য দেখান আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান। দুই ম্যাচ পর দলে ফিরে এসে আব্দুর রাজ্জাক ৪ ওভারে ২ উইকেট নিয়ে ২০ রান এবং সাকিব ৪ ওভারে ১ উইকেটে ২১ রান দেন। জবাবে ব্যাটিংয়ে নেমে ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেনি টাইগাররা। ৪৭ রান তুলতেই টাইগাদের ৪ ব্যাটসম্যান সাজঘরে। নি:সঙ্গ হয়ে একাই লড়ে যান সাকিব। দলীয় ৯১ রানে সাকিব সাজঘরে ফিরে যাবার আগে ৩২ বলে ২ চার ও ২ ছয়ে ৪৪ রান করেন। সাকিব ছাড়া নাসির হোসেন ২৩,মাহমুদুল্লাহ ১৭ ও মাশরাফি ১৭ রান করেন। ম্যাচ সেরা নির্বাচিত হন শতকধারী আহমেদ শেহজাদ।