174969.2সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আবাহনী ও মোহামেডানের ম্যাচ। পুরো স্টেডিয়ামে দর্শক কানায় কানায় পূর্ণ হলেও ম্যাচে ছিল না কোন উত্তেজনা। একচেটিয়ে ভাবে ম্যাচ জিতে নিয়েছে মুশফিকের আবাহনী। ৭৭ রানে হেরেছে মতিঝিল পাড়ার মোহামেডান ক্লাব। টসে হেরে ব্যাটিং করতে নেমে আবাহনী নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় মোহামেডান। প্রথমে ব্যাটিং করার সুযোগ পাওয়া আবাহনী শুরুতে হোচট খায়। মাত্র ১২ রানে সাজঘরে ফিরেন দুই ওপেনার মেহদী মারুফ (০) ও আফতাব আহমেদ (৪)। তৃতীয় উইকেটে আবাহনীকে ম্যাচে ফিরিয়ে আনেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। ৬০ রানের জুটি গড়েন তারা। সৌম্য ৩৭ রানে আউট হলেও মুশফিক দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন। মাত্র ৩৮ বলে ৮ চার ও ১ ছয়ে ৫৯ রান করেন টাইগার দলপতি। মুমিনুলের বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হবার পর শেষ দিকে দলের স্কোরকে টেনে নেন জিয়াউর রহমান। ১১ বলে ৩ ছয়ে ২৪ রান করেন তিনি। এছাড়া মাহমুদুল্লাহ ১৪ বলে ১৮ রান করেন। মোহামেডানের হয়ে দুটি করে উইকেট নেন মাশরাফি,দেওয়ান সাব্বির ও সাজেদুল ইসলাম। লক্ষ তাড়া করতে নেমে ৩৭ রানে ৪ উইকেট হারায় মোহমেডান।  সাজঘরে ফিরেন জহিুরুল ইসলাম (৪),জুনায়েদ সিদ্দিক (২),মুমিনুল হক (৫) ও রকিবুল হাসান  (৪)। একপ্রান্ত ধরে খেলে শাহরিয়ার নাফিস দলকে এগিয়ে নিয়ে গেলেও সঙ্গীর অভাবে তিনিও দলের স্কোরকে টানতে পারেনি। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন তিনি। এজন্য ৭টি চার হাকান। শেষ দিকে মাশরাফি ৮ বলে ২ চার ও ১ ছয়ে ১৬ রানের ইনিংস খেলে দলের স্কোরকে ৯৫ পর্যন্ত টেনে নিয়ে যান। আবাহনীর হয়ে দুটি করে উইকেট নেন শুভাষিস রায়,ফরহাদ রেজা ও নাবিদ সামাদ। একটি করে উইকেট নেন মাহমুদুল্লাহ ও জিয়াউর রহমান। ম্যাচ সেরা নির্বাচিত হন মুশফিকুর রহিম।