বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াচ্ছে আগামী শুক্রবার। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)র প্রফেশনাল ফুটবল লীগ কমিটির সভায় সিদ্ধান্তটি নেয়া হয়। একদিনের ব্যবধানে মঙ্গলবার টুর্নামেন্টের ফিক্সচার ঘোষণা করে বাফুফে। উদ্ধোধনী ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল পাঁচটায় মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা ক্লাব। দশটি দল প্রতিযোগীতায় অংশ নিবে। সপ্তাহে পাঁচ দিন লীগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দলগুলো হল, শেখ রাসেল ক্রীড়া চক্র,আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব,মুক্তিযোদ্ধা ক্লাব,উত্তর বারিধারা ক্লাব, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, টিম বিজেএমসি, সকার ক্লাব, ফেনী। এদিকে জানা গেছে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো একাধিক ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিলেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে শুধুমাত্র বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।