বিশ্বকাপের ঠিক আগ-মুহূর্তে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং স্বাগতিক আয়ারল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজ দিয়েই বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নেওয়ার শেষ সুযোগ পাবে টিম টাইগাররা। তবে ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ খেলানো হবে না বাংলাদেশ দলের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানকে। বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের মতে বিশ্বকাপে পুরোপুরি ফিট মুস্তাফিজকে পেতে হলে ত্রিদেশীয় সিরিজে সবগুলো ম্যাচ খেলানো যাবেনা কাটার মাস্টার মুস্তাফিজকে। কেননা অ্যাঙ্কেলের চোট থেকে সেরে উঠার জন্য এখনো পর্যাপ্ত সময় লাগবে মুস্তাফিজের।
এই প্রসঙ্গে বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেন, ‘(মোস্তাফিজ) বিশ্বকাপে বড় ভূমিকা রাখতে পারে, যদি সে ফিট থাকে। যদিও আমি মনে করি না, আমরা একজন খেলোয়াড়ের উপরই নির্ভর করব। সাকিব, ম্যাশ (মাশরাফি) এবং রুবেল ধারাবাহিক। ইনজুরির পর থেকে ফিজ (মোস্তাফিজ) পুরোপুরি ধারালো হয়ে ফিরেনি, তার কিছুটা চোট সমস্যা আছে। পুরো ফিট মোস্তাফিজ আপনাকে ম্যাচ জেতাতে পারে, তবে তাকে যতটা সম্ভব ফিট রাখতে হবে। আমার উদ্বেগ হলো, আমরা যেন তার উপর বেশি চাপ দিয়ে না ফেলি। আয়ারল্যান্ডে যেন বেশি ব্যবহার না করি, সেটা হলে সে বিশ্বকাপে সতেজ হয়ে যেতে পারবে না।’