বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে সম্মুখীন হয়েছিল অনাকাঙ্ক্ষিত এক ঘটনার। তারপর থেকেই নিরাপত্তা ইস্যুতে কড়াকড়ি অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই ধারাবাহিকতায় বিসিবি বিশ্বকাপে সশস্ত্র নিরাপত্তারক্ষী চেয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে। কিন্তু এই ধরণের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

প্রসঙ্গত আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ শেষ করে ১৮ মে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের লেস্টারশায়ারে কয়েকদিনের প্রস্তুতি ক্যাম্প করবে টিম টাইগাররা। প্রস্তুতি ক্যাম্প চলাকালীন বাংলাদেশে দলের টিম বাসে সশস্ত্র নিরাপত্তারক্ষী চেয়েছিল বিসিবি। এর প্রতিউত্তরে ইসিবি থেকে জানানো হয়েছে যে দেশটিতে সশস্ত্র নিরাপত্তা দেয়া হয় শুধু ব্রিটিশ রাজপরিবারকে। তাই বাংলাদেশকে বাড়তি নিরাপত্তা দিতে পারবে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

এই ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ‘ইংল্যান্ড থেকে জানানো হয়েছে, লেস্টারশায়ারে বাংলাদেশ দলকে সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়া সম্ভব না। এটা শুধু তাদের রাজপরিবারকেই দেয়া হয়। তবে বিশ্বকাপের সময় আমাদের দলের সাথে যে দুইজন নিরাপত্তা লিয়াজোঁ কর্মকর্তার থাকার কথা, তারা এখন লেস্টারশায়ার থেকেই দায়িত্ব পালন করবেন। তাদের খরচ বহন করবে বিসিবি। নিরাপত্তা লিয়াজোঁ কর্মকর্তারা প্রয়োজনে নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করবেন।’