ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। এজন্য বাংলাদেশের স্পিন আক্রমণকে যথার্থভাবে কাজে লাগাতে চান বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।

সোমবার জহুর আহমেদ স্টেডিয়ামে তামিম ইকবাল বলেন, ‘শেষবার নিউজিল্যান্ডকে যেভাবে হারিয়েছিলাম এবারও সেভাবেই হারাতে চাই। আশা করছি স্পিন সহায়ক উইকেট হবে। আমাদের বোলাররা বাড়তি সুবিধা আদায় করতে পারবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে এগিয়ে রাখছেন দেশসেরা এই ওপেনার। তিনি বলেন, ‘বিগত টেস্ট সিরিজগুলো চেয়ে এই সিরিজে জয় পাবার ব্যাপারে আশাবাদী। নিজেদের মাঠে আমরা সবসময় ভালো খেলি। এজন্য আশা করছি এই সিরিজেরও সাফল্য পাওয়া যাবে। বিগত সিরিজগুলোতে জয় না পেলেও লড়াই হয়েছে। আশা করছি এবারও দু’দলের হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

তামিম জয়ের ব্যাপারে আশাবাদি হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সতর্ক অবস্থানে থাকার জন্যে সতীর্থদের পরামর্শ দিয়েছেন । তিনি বলেন, ‘ওরা ভালো দল, সাম্প্রতিক সময়ে ওদের পারফরম্যান্সও ভালো। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমরাও ভালো ক্রিকেট খেলছি। আমরা যদি নিজেদের কাজটা করি তাহলে আমার মনে হয় আমাদের সম্ভাবনা একটু বেশি।”