রহমতগঞ্জকে নিয়ে ছেলে খেলায় মাতলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। ওয়ালটন ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার রহমতগঞ্জকে ৫-২ গোলে হারিয়েছে মোহামেডান। প্রথম ম্যাচে রহমতগঞ্জ আবাহনীর বিপক্ষেও ৩-০ গোলে পরাজিত হয়। দুই ম্যাচ মিলিয়ে ৮ গোল হজম করলো তারা। সন্ধ্যা সাড়ে ছয়টা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় এই দুই দল। মোহামেডানের হয়ে হ্যাটট্রিক করেন জাহিদ হাসান এমিলি। এছাড়া ১টি করে গোল করেন জাহিদ হোসেন ও মো.ওয়াহেদ। প্রথমার্ধের ২৩ মিনিটে জাহিদ হোসেন মোহামেডানের হয়ে প্রথম গোলটি করেন। এরপর ৩৫ মিনিটে এমিলি দলের দ্বিতীয় ও ব্যক্তিগত প্রথম গোল করেন। ২-০ ব্যবধানে বিরতীতে গেলেও বিরতীর পর আরও আক্রমণাত্মক হয়ে উঠে মোহামডোন। ৫৫ মিনিটে গোল করে স্কোর লাইন ৩-০ গড়েন এমিলি। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। ৩-০ গোলে পিছিয়ে পড়া রহমতগঞ্জ ৭৮ মিনিটে নিজেদের প্রথম গোলটি করেন। প্রতিযোগীতায় এটি দলের প্রথম গোল। গোলটি করেন নুরুল আফসার। এরপর ৮৫ মিনিটে এমিলি তাঁর হ্যাটট্রিক পূর্ণ করেন। প্রতিযোগীতায় এটি দ্বিতীয় হ্যাটট্রিক। উদ্ধোধনী ম্যাচে আবাহনীর হয়ে প্রথম হ্যাটট্রিকটি করেন মরিসন। ম্যাচের শেষ সময়ে মো.ওয়াহেদ দলের হয়ে পঞ্চম গোলটি করে। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে নুরুল আফসার রহমতগঞ্জের হয়ে গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন। শেষ পর্যন্ত রহমতগঞ্জ ৫-২ গোলে পরজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। এর আগে প্রথম ম্যাচে ফেনী সকার ক্লাবের বিপক্ষে ৩-২ গোলে পরাজয়ের স্বাদ নিতে হয় উত্তর বারিধারার। ফেনী সকার ক্লাব নিজেদের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখলো। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার দুপুর ৩.৪৫ মিনিটে মুখোমুখি হয়ে উত্তর বারিধারা ও ফেনী সকার ক্লাব। প্রথমার্ধের ৮ মিনিটে লিড নেয় সকার ক্লাব। নাইজেরিয়ান ওলাডিকপিকপো প্রথম গোলটি করেন। সমতায় ফিরতে উত্তর বারিধারা ক্লাব ৪৪ মিনিট পর্যন্ত সময় নেন। ফয়েজ আলম দলের পক্ষে প্রতিযোগীতায় প্রথম গোল করেন। ১-১ ব্যবধানে বিরতীতে যায় দুই দল। তবে বিরতীতে থেকে ফিরেই সকার ক্লাবের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে বারিধার। ফলাফলও পেয়ে যায় সকার ক্লাব। ৫৪ মিনিটে আলী হাসান গোল করে আবারো এগিয়ে নিয়ে যান দলকে। ২ মিনিটের ব্যবধানে উত্তর বারিধারার ডিফেন্ডার আবুল কালাম আজাদ দূর্দান্ত এক শটে গোল করে স্কোর লাইন ২-২ করেন। ড্রয়ের পথে এগুনো ম্যাচের শেষ সময়ে এসে আবারো ত্রাণকর্তা হয়ে উঠেন আলী হাসান। ৮২ মিনিটে তিনি সকার ক্লাবের তৃতীয় ও ব্যাক্তিগত দ্বিতীয় গোল করে ৩-২ ব্যবধানে দলের জয় নিশ্চিত করে।