বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে আবাহনীর সামনে দাঁড়াতেই পারেনি মোহামেডান। টুর্নামেন্টের দ্বিতীয় দেখায় মধুর প্রতিশোধ নিলো তারা। আবহনীকে ৮ উইকেটে হারিয়ে মোহামেডান। ম্যাচ সেরা নির্বাচিত হন নুরুল হাসান সোহান। উইকেট কিপার এই ব্যাটসম্যান ৭৯ রান করেন।
টসে হেরে ব্যাটিং করতে নেমে আবাহনী ছয় উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে। জবাবে মোহামেডান আট উইকেট ও ছয় বল হাতে রেখে সহজেই জয় নিশ্চিত করে। আবাহনীর দেয়া টার্গেটে ব্যাটিং করতে নেমে জহুরুল ও জুনায়েদ ৪২ রানের জুটি গড়েন। জহুরুল ২২ রানে ফিরে যাবার পর ক্রিজে আসেন নুরুল হাসান সোহান। দ্বিতীয় উইকেটে জুনয়েদ সিদ্দিককে নিয়ে জুটি গড়েন তিনি। দলকে ১২০ রান পর্যন্ত টেনে নিয়ে যান এই দুই ব্যাটসম্যান। ৪১ রানে জুনায়েদ সিদ্দিক সাজঘরে ফিরে গেলেও নুরুল হাসান ৭৯ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। মাত্র ৪৭ বলে দশ চার ও দুই ছয়ে ৭৯ রানে অপরাজিত থাকেন। তাঁর সাথে ২২ রানে মুমিনুল হক অপরাজিত থাকেন। এর আগে সৌম্য সরকারের ৫২ রানের উপর ভর করে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১৭১ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে আবাহনী লিমিটেড। টসে হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে আবাহনী। সৌম্য সরকারের ৫২ রানের ইনিংস ছাড়াও মিজানুর রহমান ৪১ ও অধিনায়ক মাহমুদুল্লাহ ২৯ রান করেন। ইনিংসের শুরু থেকেই আবাহনীর দুই ওপেনার শুরুতেই ঝড়ো ব্যাটিং করেন। মাত্র ৫.৫ বলে ৬১ রান তুলে নেন মিজানুর রহমান ও শামসুর রহমান। ২৫ বলে ৪১ রান করা মিজানুরকে ফিরিয়ে আবাহনী শিবিরে প্রথম আঘাত করেন সানী। সাতটি চার ও একটি ছয়ে ৪১ রান করেন মিজানুর। এরপর বোলিংয়ে এসেই শরীফউল্লাহ ফিরিয়ে দেন শামসুর রহমানকে। দুই দলের প্রথম মুখোমুখিতে আবাহনী ৭৭ রানে পরাজিত করে মোহামেডানকে। ক্রিজে এসে সৌম্য সরকার ৫ চার ও ৩ ছয়ে ৫২ রান করেন। মুশফিকের পরিবর্তে অধিনায়ত্ব করা মাহমুদুল্লাহ রিয়াদ ২৩ বলে ২৯ রান করে দলের স্কোরকে সমৃদ্ধ করেন । মোহামেডানের হয়ে দেওয়ান সাব্বির ৪১ রানে ৩ উইকেট সংগ্রহ করেন।