আজ মঙ্গলবার বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হবে। কাগজে কলমে প্রস্তুতি ম্যাচ হলেও বেশ গুরুত্ব পাচ্ছে আজকের ম্যাচটি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের তরুণ তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন এই ম্যাচে তিনি খেলার সুযোগ পেলে পূরণ হবে ছোটবেলা থেকে দেখে আশা একটি স্বপ্ন।
ভারতের বিপক্ষে খেলা প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, ‘ভারতের সাথে অনেক ম্যাচ আমরা শেষমুহুর্তে গিয়ে হেরেছি। যদিও আমি খেলিনি। খেললে ভারতের বিপক্ষে আমার প্রথম ম্যাচ হবে এটি।’
ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় হয়ে ভারতের বিপক্ষে খেলবেন তিনি। আজকের ম্যাচে সুযোগ পেলেই পূরণ হয়ে যাবে শৈশবের স্বপ্ন। স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সাইফউদ্দিন জানান, ‘আমি অনেক রোমাঞ্চিত। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ভারতের সাথে ম্যাচ খেলবো। চেষ্টা করব নিজের শতভাগ দেওয়ার জন্য। টুর্নামেন্টে ওদের বিপক্ষে ম্যাচ আছে। প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারলে ঐ ম্যাচে কাজে দিবে।’
ক্রিকেটের সবচেয়ে বড় আসরে নিজেকে প্রমান করতে পারবে কিনা এই প্রশ্নের জবাবে সাইফউদ্দিন বলেন, ‘বিশ্বকাপের মত বড় ইভেন্ট, চেষ্টা করব নিজেকে আরও প্রমাণ করার। ডেথ ওভারে ভালো ভালো ব্যাটসম্যান থাকবে, নিজেকে প্রমাণ করার জন্য এটা ভালো সুযোগ। হয়ত আমি বুমরাহর মত ১৪৫ কিলোমিটার বেগে বল করতে পারব না। তবে আমি আমার সামর্থ্য অনুযায়ী করতে পারব। প্রত্যেক বোলারের নিজস্ব স্কিল থাকে, আমারও আছে। সেই বিশ্বাস থেকেই বল করি।’