দুর্নীতি আইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিভিন্ন অভিযোগে নিষিদ্ধ হওয়া ক্রিকেটারদের ভুল শুধরিয়ে দ্রুত খেলায় ফিরিয়ে আনার জন্যে আইনে পরিবর্তন আনা হচ্ছে। পরিবর্তিত আইন আগামী জুন মাস থেকে কার্যকর করা হবে। এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন বলেন, ‘দুর্নীতি বিরোধী আইনে কয়েকটি পরিবর্তন আনার কথা বিবেচনা করা হচ্ছে এবং পরিবর্তনের মধ্যে একটি হলো নিষিদ্ধ থাকা খেলোয়াড়দের কিভাবে খেলায় ফিরিয়ে আনা যায়।’ আইসিসির ভাষ্যমতে, নিষিদ্ধাদেশের সময় শেষ হলে যত তাড়াতাড়ি সম্ভব খেলোয়াড়রা যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরতে নিজেদের প্রস্তুত করতে পারে সে উদ্দেশ্যেই এ আইনের সংশোধন করা হয়েছে। এক্ষেত্রে ৫ বছরের নিষেধাঙ্ঘা পাওয়া ক্রিকেটার শাস্তির চতুর্থ বছরে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ এবং অনুশীলন করতে পারবে।