আর মাত্র কিছু দিন পরেই শুরু হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হবে এই আসর। এমন সময়ে পাকিস্তান দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের মধ্যে অন্যতম মোহাম্মদ আমিরকে নিয়ে অদ্ভূত এক মন্তব্য করেছে পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক।

ম্যাচ গড়াপেটার কেলেঙ্কারিতে ৫ বছরের নিষেধাজ্ঞা পেয়েও একটুও দমে যাননি মোহাম্মদ আমির। শাস্তির মেয়াদ শেষে ফিরে এসেছেন ধারালো বোলিং নিয়ে। তবে বর্তমানে সময়টা একদমই ভালো যাচ্ছে না তার। বিশেষ করে ওয়ানডে ফরমেটে নিজের সামর্থ্যের এক ভাগও দিতে পারছে না তিনি। শেষ ১৩ ম্যাচে ৮০.৮০ গড়ে নিয়েছেন মাত্র ৫টি উইকেট।

২৬ বছর বয়সী বাঁহাতি পেসারের অফ ফর্ম নিয়ে অন্য সকলের মতো পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হকও রয়েছে দুশ্চিন্তায়।

সম্প্রতি সাংবাদিকদের তিনি জানান, ‘এই মুহূর্তে আমির দল নির্বাচনে অটোমেটিক চয়েজ নয়। সে খুব ভালো বোলার- এতে কোনো সন্দেহ নেই। তবে দুর্ভাগ্যজনকভাবে, সে সেরা ফর্মে আছে বলে মনে হচ্ছে না।’

বিশ্বকাপ দলে আমিরের জায়গা পাওয়া নিয়ে তিনি আরো বলেন, ‘বিশ্বকাপের জন্য তার অবশ্য যথেষ্ট সময় আছে। ছন্দে ফিরতে পারবে। কিন্তু তার মতো একজন সিনিয়র খেলোয়াড় যদি ফর্মহীন থাকে, সেটা আমাদের জন্য দুশ্চিন্তার।’ ‘আমিরের জন্য আমাদের এখনও সময় আছে। আমাদের হাতে দশটি ওয়ানডে আর দুই তিন মাসের মতো আছে। আমির ফিরতে পারে। আমরা তাকে ফেরার সুযোগ দেব। কারণ সে বড় মঞ্চের বোলার। আমাদের অস্ত্রসম্ভারে তার মতো বোলার দরকার।’