লিটন কুমার দাস টানা কয়েক বছর ধরে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা এবং ধারাবাহিক ব্যাটসম্যান। বাংলাদেশ জাতীয় দলের হয়েও গত কয়েকটা সিরিজে খেলেছেন তিনি। তবে ক্যারিয়ারের বেশির ভাগ সময় জাতীয় দলে আশা যাওয়ার মধ্যে থাকতে হয়েছে তাকে। কেননা ঘরোয়া ক্রিকেটে প্রতিষ্ঠিত ব্যাটসম্যান হলেও জাতীয় দলে এখন পর্যন্ত ধারাবাহিক হতে পারেননি লিটন। বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৭টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে মাত্র ১৯.৫৩ গড়ে ৫০৮ রান করেছেন তিনি।

সামনে যেহেতু বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এবং জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপ। তাই প্রতিটি দলের মতো বাংলাদেশ দলও শুরু করে দিয়েছে নিজেদের সেরা দল গুছিয়ে নেওয়ার পক্রিয়া। এই কারণেই সম্প্রতি আলোচনায় এসেছে তরুণ তারকা ব্যাটসম্যান লিটন কুমার দাস। তরুণ এই ব্যাটসম্যানকে নিয়ে দারুন আশাবাদী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

নিজের সেরা ছন্দে থাকলে প্রতিপক্ষের জন্য রীতিমতো ভয়ঙ্কর এক ব্যাটসম্যান লিটন দাস প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সম্প্রতি লিটনের কাছ থেকে আমরা ভালো কিছু ইনিংস দেখেছি। গত এশিয়া কাপের ফাইনালে সে যেভাবে খেলেছে, আমি মনে করি আগামী বিশ্বকাপে সে বিধ্বংসী হয়ে উঠতে পারে। তার সে সক্ষমতা তাঁর রয়েছে।’

লিটন দাস প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা। যদি সে তার স্বাভাবিক খেলা খেলতে পারে, আগামী বিশ্বকাপে আমরা বড় ধরনের সুবিধা পাব।’