এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। ইংল্যান্ডে ক্রিকেটের সব চেয়ে বড় আসর বসতে এখনো বাকি প্রায় দুই মাসের মতো সময়। কিন্তু এরই মাঝে বিশ্বকাপ দল ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছে গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে আজ সকাল ১১টায় ক্রাইস্টচার্চে ঘোষণা করা হয় ব্ল্যাকক্যাপদের বিশ্বকাপ স্কোয়াড। এক ঝাঁক তারকা প্লেয়ারের সমন্বয়ে গড়া হয়েছে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল। অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে দলে আরো রয়েছে মার্টিন গাপটিল, রস টেলর, টিম সাউদির মতো অভিজ্ঞ প্লেয়ার।
একনজরে ১৫ সদস্যের নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, টম লাথাম (উইকেটরক্ষক), মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কলিন ডি গ্রান্ডহোম, ইস সোধি, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, কলিন মানরো, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক)।