আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়লাভের পর বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপে অংশ নিতে পারি জমিয়েছে ইংল্যান্ডে। কিন্তু ব্যক্তিগত ছুটি নিয়ে দেশে এসেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছুটি শেষে আজ বুধবার (২২ মে) সকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে সমগ্র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে বিশ্বকাপ খেলতে মাঠে নামবে মাশরাফি বাহিনী। বিশ্বকাপের ঠিক মুহূর্তে এই শিরোপা জয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস কতটা বাড়াবে দেশ ছাড়ার আগে এই ব্যাপারে মাশরাফি বলেন, “দুইটা আলাদা টুর্নামেন্ট। আশাকরি, সবার আত্মবিশ্বাস ভালো আছে। টুর্নামেন্ট যেহেতু আলাদা তাই ওখানেও শুরুটা খুব গুরুত্বপূর্ণ। ভালো শুরু করতে পারলে, আশাকরি ভালো কিছু হবে ইনশা-আল্লাহ।’

বিশ্বকাপে ভালো ফলাফলের জন্য দেশের মানুষের দোয়া চেয়েছেন তিনি। সেই সঙ্গে নিজেদের সর্বোচ্চটা দিইয়ে চেষ্টা করবেন তারা বলে জানিয়েছেন মাশরাফি। এই নিয়ে মাশরাফি বলেন, “সবাই দোয়া করবেন। ইনশা-আল্লাহ চেষ্টা করব ভালো করার। দোয়া করবেন আমাদের দল যেন ভালো করতে পারে।’