দুটি টেস্ট ম্যাচ ড্র ও তিনটি ওয়ানডে ম্যাচ জয়। সব কিছু মিলিয়ে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সুসময় কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বুধবার একমাত্র টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দুপুর দেড়টায় মিরপুরে ম্যাচটি অনুষ্ঠিত হবে। শট ফরম্যাটের এই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের মুখ এখনো দেখেনি বাংলাদেশ। দুই দল বুধবার তৃতীয়বারের মতো মুখোমুখি হবে। আগের দুটি ম্যাচের দুটিতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। ২০১০ সালে হ্যামিল্টনে সফরের একমাত্র টি-টোয়েন্টিতে মাত্র ৭৮ রানে অলআউট হওয়া বাংলাদেশকে ১০ উইকেটে হারের লজ্জায় ডুবিয়েছিল স্বাগতিকরা। আর গত বছর শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রেন্ডন ম্যাককালামের শতকে ১৯১ রান করা নিউ জিল্যান্ড জিতেছিল ৫৯ রানে। তবে ঘরের মাঠে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে টাইগারদের। তবে পুরোনো সব ক্ষত আর লজ্জা মুছে নি:সন্দেহে বুধবাররের লড়াইয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। বলা হয়ে থাকে ক্রিকেট শুধু ব্যাট-বলে নয়, মানসিকতারও লড়াই। সেই লড়াইয়ে যে বাংলাদেশই এগিয়ে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে, টি-২০ ম্যাচ বাংলাদেশ জয় করবে এই আশা আর স্বপ্ন নিয়ে শেষ করা হয়নি ওয়ানডে সিরিজের ট্রফি প্রদানের আনুষ্ঠানিকতা। আয়োজক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইচ্ছা একমাত্র টি-২০ ম্যাচটি জিতে নিক বাংলাদেশ। আর সে জয়ের পর ওয়ানডে ও টি-২০ ম্যাচের ট্রফি ও পুরস্কার একসাথেই তুলে দেয়া হবে বাংলার দামাল ছেলেদের হাতে। সেই মাহেন্দ্রক্ষনটিকে বিশেষত্ব দান করতে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব মিলিয়ে বুধবারের ম্যাচ দিয়েই নিউজিল্যান্ডের সাথে টি-২০ ক্রিকেটের ইতিহাস বদলে দেয়ার অপেক্ষায় বাংলাদেশ। অনেক স্বপ্ন পূরণ আর জমজমাট এক চার-ছক্কার ম্যাচের অপেক্ষায় বাংলাদেশিরাও।