Bangladesh-dejected.jpgসংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্ব্কাপের প্রস্তুতি ম্যাচেও কেঁপে উঠেছিল বাংলাদেশ শিবির। সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ১৪৩ রানের জবাবে বাংলাদেশ স্কোর ৬ উইকেটে ১১৬ রান। জয়ের জন্যে ২৫ বলে ৩১ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। জয়ের ধারা থেকে ছিটকে পরা বাংলাদেশের জন্যে সামান্য এ রানটুকু তোলা যেন অসাধ্য। তবে শেষ হাসিটা বাংলাদেশকে হাসিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ ৭ বল আগে ৪ উইকেটে জয় পায়। ১৮ বলে ঝড়ো ২৯ রান করে স্বস্তির জয় এনে দেয় টাইগারদের। ৫টি বাউন্ডারিতে নিজের ইনিংসটি সাজান রিয়াদ। তাকে সপ্তম উইকেটে সঙ্গ দেন অলরাউন্ডার ফরহাদ রেজা (১৪)।  ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় অচেনা দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। টসে জিতে ব্যাটিং করতে নেমে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১৪২ রান তুলে নেয় ইউএই। সর্বোচ্চ ৪৪ রান আসে খুররাম খানের ব্যাট থেকে। বল হাতে ফরহাদ রেজা ২ উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ ও আব্দুর রাজ্জাক। লক্ষ্য তাড়া করতে নেমে তামিমের ৪৩ ও মুশফিকুর রহিমের ২৭ রানের সুবাদে ভালোই জবাব দেয় বাংলাদেশ। কিন্তু নিয়মিত উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। শেষ দিকে ফরহাদ রেজাকে সাথে নিয়ে সপ্তম উইকেটে ১৭ বলে ৩৪ রানের জুটি গড়ে ইউইকে জয় বঞ্চিত করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি।