আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিড ষ্টার তাসকিন আহমেদ ও পেস বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজাকে। এই দুই জন যোগ হওয়াতে মোট ১৯ সদস্যের স্কোয়াড যাবে আয়ারল্যান্ডে। আজ (২৮ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডসের চাওয়াতেই দলে নেওয়া হয়েছে এই দুই ক্রিকেটারকে।

পেস বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজা সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৪ সালে। মূলত সদ্য সমাপ্ত ডিপিএলে অসাধারণ পারফর্ম করেই নির্বাচকদের সুনজর কেড়েছেন তিনি। এবারের ডিপিএলে বল হাতে নিয়েছেন টুনামেন্ট সর্বোচ্চ ৩৮ উইকেট। সেই সাথে ব্যাট হাতেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। অন্যদিকে স্পিড ষ্টার তাসকিন আহমেদ প্রথমবার ঘোষিত ১৭ সদস্যের দলে জায়গা পায়নি শারীরিক ফিটনেস জনিত কারণে। তবে জাতীয় দলে ফেরার জন্য দুই মাস বেশ পরিশ্রম করেছেন তাসকিন। যার ফলস্বরূপ জায়গা করে নিয়েছে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে।

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী ,ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।