চলমান বিশ্বকাপে ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে জয় দিয়ে আসর শুরু করলেও বাকি দুইটি ম্যাচ হেরেছে মাশরাফি বিন মুর্তজার দল। তবে দলের হারের কারণ কাঁটাছেড়ার আগে নিজের পারফরম্যান্স নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন মাশরাফি।

সম্প্রতি সময়ে মাশরাফি বিন মুর্তজা দলের প্রয়োজনে বল হাতে গুরুত্বপর্ণ সময়ে এনে দিতে পারছেনা মূল্যবান উইকেট। আগের মত ম্যাচের শেষ মুহূর্তেও ব্যাট হাতে তুলতে পারছেনা ঝড়। যার কারণে নানান রকম সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তাকে।

আজ মঙ্গলবার (১১ জুন) নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফি কথা বলেছে নিজের পারফরম্যান্স নিয়ে। মাশরাফি বলেন, ‘আমি আমার কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশা করি। নিজের পারফরম্যান্সেও আমি সন্তুষ্ট নই। মানুষের কথ বলার থেকে আমি তাই নিজেই নিজেকে বেশি প্রশ্ন করছি।’

মাশরাফির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকেরাও করছে বিভিন্ন রকম সমালোচনা। এই ব্যাপারে মাশরাফি জানান, ‘পারফর্ম করতে না পারলে কথা শুনতে হবেই। প্রথম দুই ম্যাচে উইকেট অনুযায়ী স্পিনাররা ভালো বোলিং করেছে। ঐ দুই ম্যাচে তাই পুরো দশ ওভার বোলিং করিনি। শেষ ম্যাচে দশ ওভার বল করার দরকার ছিল- করেছি।’

পরবর্তী ম্যাচ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘নিশ্চয়তা দিয়ে তো আর কেউ ভালো খেলতে পারবে না। সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব বেশি। সবাই সেটা জানে। কিন্তু ভালো খেলার কথা আগে থেকে বলা যায় না।’