উয়েফা নেশন্স লিগের অভিষেক আসরে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তলে রোনালদোর পর্তুগাল। শুধু তাই নয় এই শিরোপা জয় জাতীয় দলের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সেই সাথে তিনি আরো মনে করেন এই ধরণের সাফল্যে ভবিষ্যতে দলকে ভাল করতে অনুপ্রেরণা যোগাবে।
আগের পর্তুগাল এবং ২০১৬ সালের পরের পর্তুগালের মাঝে পার্থক্যটা আকাশ পাতাল। পর্তুগাল নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম শিরোপা ঘরে তুলেছিল ২০১৬ সালে। সেইবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে শিরোপার ঘরে তুলেছিল তারা। ঠিক তিন বছর পর উয়েফা নেশন্স লিগের শিরোপা জয়কে সাফল্যের ধারাবাহিকতা হিসেবেই দেখছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো।
উয়েফা নেশন্স লিগের শিরোপা জয়ের পরে রোনালদো বলেন, “পুরো পর্তুগালের ও জাতীয় দলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা শিরোপা। ২০১৬ সাল থেকে পর্তুগাল তাদের ইতিহাস বদলে ফেলেছে এবং আবারও একটা শিরোপা জিতেছে। এই ম্যাচে লক্ষ্য ছিল জেতা এবং ভালো খেলা। নিশ্চিত করেই জাতীয় দল আরও ভালো হয়ে উঠবে।”