গতকাল ১১ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটিতে নিশ্চিত জয় ধরে নিয়েছিল বাংলাদেশ। শেষমেষ বৃষ্টির জন্য ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। যার কারণে সেমিফাইনাল খেলার স্বপ্নটাও বাংলাদেশের হয়ে গেলো কঠিন।
বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি না হওয়াতে বেশ হতাশ হয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস। বিশ্বকাপের মত বড় আসরে রিজার্ভ ডে না রাখায় আয়োজকদের খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আমরা চাঁদে লোক পাঠাতে পারি, কেন রিজার্ভ ডে রাখতে পারি না, যখন টুর্নামেন্টটা এত লম্বা।’
তিনি আরো বলেন, ‘এই ম্যাচ থেকে ২ পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য ছিল আমাদের। কিন্তু আমরা ১ পয়েন্ট পেলাম, যা ভীষণ হতাশাজনক। যদিও জানি শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ, তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে আমরা আসলে আজ ১ পয়েন্ট হারিয়েছি।’
শুধু বাংলাদেশ দলের ম্যাচ নয় বৃষ্টির কারণে ঠিক মত অনুশীলন করতে পারছে না কোন দল। এই ব্যাপারে স্টিভ রোডস বলেন, , ‘এই মুহূর্তে আবহাওয়ার কারণে বেশ সমস্যার মধ্যেই পড়েছি। আমি জানি, লজিস্টিক্যালি এটা আয়োজকদের জন্য বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং একটা বড় একটি সমস্যা।’