কেপটাউনে অবশেষে ডাবল সেঞ্চুরি করে থামলেন জ্যাক ক্যালিস। শেষ পর্যন্ত ২২৪ রান করে আউট হন তিনি। এটা তার ক্যারিয়ার সর্বোচ্চ। ক্যালিসের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির সুবাদে রানের পাহাড় গড়েছে স্বাগতিক Jack kallisদক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি করেছেন এবি ডি ভিলিয়ার্সও। প্রথম দিন সেঞ্চুরি করেছিলেন পিটারসন। এই তিন সেঞ্চুরির সুবাদে ৪ উইকেটে ৫৮০ রানের বিশাল স্কোর গড়ে ইনিংস ঘোষণা করেন গ্রায়েম স্মিথ। ইনিংস ঘোষণার সময় ডি ভিলিয়ার্স ১৬০ রান করে অপরাজিত ছিলেন। ২২৪ রান করে লাঞ্চের ঠিক আগের বলে আউট হন ক্যালিস। দ্বিতীয় দিনে পতন হওয়া দক্ষিণ আফ্রিকার একমাত্র উইকেট পেয়েছেন রঙ্গনা হেরাত। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ২ উইকেটে ১৪৯ রান।
প্রথম দিনের মতো নিউল্যান্ডের দ্বিতীয় দিনও ছিল লংকান বোলারদের জন্য চূড়ান্ত হতাশার একটি দিন। ক্যালিস আর ডি ভিলিয়ার্স সফরকারীদের বোলিং আক্রমণ নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন। লাঞ্চের পর স্বাগতিকরা ২৮.৩ ওভারে ১০৬ রান যোগ করে। ক্যালিস প্রথম দিন পিটারসনের সঙ্গে ২০৫ এবং ডি ভিলিয়ার্সের সঙ্গে ১৯২ রানের জুটি গড়েন।