ক্রিকেটে অসামান্য একটা মাইলফলক হওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন। বাকি কেবল একটি মাত্র সেঞ্চুরি। সেঞ্চুরিটি করতে হবে ভারতীয় ব্যাটিং আইকন শচীন টেন্ডুলকারকে। কিন্তু ৯৯টা সেঞ্চুরি করে এসে সেঞ্চুরির সেঞ্চুরিটা তার
ব্যাট থেকে যেন কিছুতেই আসতে চাইছে না। ক্যারিবীয় রাজপুত্র ব্রায়ান লারা মাঠে তার প্রতিদ্বন্দ্বী আর মাঠের বাইরে ঘনিষ্ঠ বন্ধু। সেই লারা পর্যন্ত এবার বলেছিলেন, পার্থে শচীন তার আরাধ্য সেঞ্চুরিটা পেয়ে যাবে। তিন্তু লারার ভবিষ্যদ্বাণীও ফলল না। হলো না শচীনের স্বপ্ন শতক।
গতকাল সকালে পার্থে শুরু হওয়া অস্ট্রেলিয়া-ভারত তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৫ রান করে আউট হয়ে যান শচীন। শচীনের মতো ভারতেরও বেহাল দশা। ভারত আগে ব্যাট করতে নেমে প্রথম সেশনের খেলা শেষে ৬৯ রান করতেই সাজঘরে ফেরে চার ব্যাটসম্যান। শচীন প্রথমে ভালোই শুরু করেছিলেন। ইনিংস শুরু করেছিলেন চার মেরে। এর একটু পরেই রায়ান হ্যারিসের বল বুঝে ওঠার আগে তার ব্যাটে না লেগে প্যাডে লাগে। হ্যারিসসহ দলের অন্য ফিল্ডারদের জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। আর তাতেই আরও একবার মৃত্যু ঘটে শচীন এবং শচীনভক্তদের ড্রিম সেঞ্চুরিটির। শচীনের এক সময়কার প্রতিদ্বন্দ্ব্বী ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা আগের দিন বলেছিলেন, শচীন পার্থেই শততম সেঞ্চুরি পাবে। কিন্তু তার সেই আশাবাদ বাস্তব হলো না। মুষড়ে পড়লেন শচীনভক্তরা।