বৃষ্টির বাধায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ‘পোর্ট অব স্পেন’ টেস্ট ড্র’র পথেই এগিয়ে যাচ্ছে। টেস্টের প্রথম দিন থেকেই বৃষ্টি বাগড়া দিয়ে যাচ্ছে। চতুর্থ দিন যে হারে বৃষ্টি হয়েছে, তাতে টেস্টের ফল ড্র’র সম্ভাবনা জাগিয়ে তুলছে। টেস্টের চতুর্থ দিন অবিরাম বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ৩০.৪ ওভারের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৫৪ রানে এগিয়ে থাকায় মোট ১২৭ রানের লিড নিয়েছে অজিরা। হাতে আছে ৭ উইকেট। ২৫৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রেমার রোচের গতির তোপে টপ অর্ডার তিন ব্যাটসম্যানকে হারিয়ে হোঁচট খায় সফরকারী অস্ট্রেলিয়া। দলীয় ৫৭ রানের মধ্যে রোচের বলে উইকেট হারান ডেভিড ওয়ার্নার (১৭), শেন ওয়াটসন (২০) ও এড কাওয়ান (০)। চা-বিরতির আগে অজির গুরুত্বপূর্ণ ৩ উইকেট তুলে রোচ উজ্জ্বল পারফরমেন্স দেখালেও বৃষ্টি আর আধিপত্য বিস্তার করতে দেইনি ক্যারিবীয়দের। দিনশেষে রিকি পন্টিং ৩২ ও মাইকেল ক্লার্ক ৩ রানে অপরাজিত থাকেন। এর আগে ৯ উইকেটে ২৫২ রান নিয়ে দিনের শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু মাত্র ৩ বল খেলার পরই ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান হিসেবে কার্লটন বাফ (২১) উইকেট বিলিয়ে দেন। ফলে সবক’টি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ২৫৭ রান। শিবনারায়ণ চন্দরপলের ৯৪ রানের সুবাদে আড়াইশ’র বেশি রান করে ওয়েস্ট ইন্ডিজ।
২০০৫ সালের পর এই প্রথম কোনো অসি স্পিনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট পেলেন। এই কৃতিত্ব অর্জন করলেন নাথান লিও।
সংক্ষিপ্ত স্কোর
টস : অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৩১১/১০ (১৩৫ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ২৫২/৯ (১০৪ ওভার)
চন্দরপল ৯৪, ডি নারায়ন ৫৫, ব্রাভো ৩৮, লিয়ন ৫/৬৮, হাসি ১/১৯, হিলফনহস ১/৩৯।