আশরাফুলের শাস্তি কমানোর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভেন্ট তৈরি করে আশরাফুল ভক্তরা মানববন্ধন করতে চেয়েছিল মিরপুর স্টেডিয়ামের সামনে। তবে পুলিশের অতর্কিত হামলায় মানববন্ধন শুরুর আগেই ছত্রভঙ্গ হয়ে যায় আশরাফুল ভক্তরা। মানববন্ধনের কর্মসূচি থাকায় সকাল থেকেই সেখানে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। মিরপুর থানার এডিসি জসিমউদ্দিন উপস্থিত সাংবাদিকদের
বলেন, “মানববন্ধনের জন্য তাদের কোনো অনুমতি দেয়া হয়নি। হঠাৎ করে রাস্তায় নেমে তারা যান চলাচলে বাধা তৈরি করে। এ কারণে তাদের সরিয়ে দেয়া হয়েছে।” পুলিশের আক্রমণের শিকার রাহীন বলেন, আমাদের সাথে কেন এমন হলো সেটা বুঝলাম না। আমাদের উপর হামলা করা হয়েছে। বেশ কিছুজনকে আটক করা হয়েছে আর সাথে সাথে কয়েকজন আহতও হয়েছে। আমরা এক কথায় হতাশ।” সকালের থেকে আশরাফুলভক্তদের ছোট ছাট দল ব্যানার ফেস্টুন নিয়ে স্টেডিয়াম এলাকায় জড়ো হতে থাকেন। তাদের ফেস্টুনে ‘আশরাফুল ইজ আওয়ার হার্ট, ডোন্ট ব্রেক আওয়ার হার্ট’; ‘আশরাফুলকে ক্ষমা করে দাও’; ‘আশরাফুলকে ফাঁদে ফেলা হয়েছে’- ইত্যাদি শ্লোগান লেখা দেখা যায়।