বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের স্বপ্ন ‘ভিশন ২০২২’
-র আনুষ্ঠানিক যাত্রা শুরু বৃহস্পতিবার। জাতীয় দলের কোচ হিসেবে দু’বছরের চুক্তি করেছেন দুই ডাচ কোচ ডি ক্রুইফ ও রেনে কোস্টার। পাচ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা এসে দুপুরে বাফুফে ভবনে প্রেস কনফারেন্সে হাজির হন দুই কোচ ও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তবে এখনই দায়িত্ব বুঝে নিবেন না কোচরা। জুলাই মাসের প্রথম সপ্তাহে ফিরে এসে দায়িত্ব নিবেন এই কোচ। সাফ চ্যাম্পিয়নসীপের দায়িত্ব বুঝে নিবেন এই দুই ডাচ। এএফসি কাপে বাংলাদেশ অসাধারণ পারফরমেন্সের দরুণ এই দুই কোচের সাথে চূড়ান্ত চুক্তি করেছে বাফুফে। বাফুফের ভাইস প্রেসিডেন্ট ও ন্যাশনাল টিমস কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন,‘ সংবাদ সম্মেলনে আসার পূর্বে কোচদের সাথে আমাদের চুক্তি স্বাক্ষর হয়েছে । সামনে সাফ ফুটবল, সেটাকে লক্ষ্য রেখে এবার কাজ করবে নতুন দুই কোচ।” চুক্তি স্বাক্ষর নিয়ে কাজী নাবিল আরও বলেন, ‘ চুক্তিতে তেমন কোন পরিবর্তন করা হয়নি । সমঝোতা স্মারক চুক্তিতে যা যা ছিলো চূড়ান্ত চুক্তিতেও তাই থাকছে শুধু ভাষাগত কিছু পরিবর্তন আনা হয়েছে মাত্র ।’
