অ্যাশেজ জয়ের স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দায়িত্ব নিলেন সাবেক খেলোয়াড় ড্যারেন লেহম্যান। দক্ষিণ আফ্রিকার কোচ মিকি আর্থারকে বরখাস্ত করার পর ক্রিকেট অস্ট্রেলিয়া লেহম্যানকে ’এ’ দলের কোচিং থেকে সরিয়ে নিয়ে মূল দলের দায়িত্ব দেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এখনো অ্যাশেজ জয় করা সম্ভব জানিয়ে ড্যারেন লেহম্যান গণমাধ্যমকে বলেন, “হ্যা, অবশ্যই অ্যাশেজ জয় সম্ভব। এটা অস্ট্রেলিয়া দলের সব খেলোয়াড় এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে জড়িত সবার জন্যই একটা চ্যালেঞ্জ।’ তিনি আরও বলেন, আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলব যা জনগণ ও ভক্তদের আনন্দ দেবে। এছাড়া মাঠের ভেতর-বাইরের সব নেতিবাচক ঘটনাও তারা ভুলতে পারবে। এমন চ্যালেঞ্জের জন্য আমি উজ্জীবিত।” টেস্টের মাত্র ১৬ দিন আগে দুই বছরের জন্যে অস্ট্রেলিয়া দলের দায়িত্ব নিলেন লেহম্যান। সাবেক এই অসি ক্রিকেটার দেশের হয়ে ২৭ টেস্ট ও ১১৭টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন। লেহম্যানকে দায়িত্ব দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, “মিকির পরিবর্তে আমার প্রথম  পছন্দ লেহম্যান। একজন ক্রিকেটার এবং কোচ হিসেবে তার রয়েছে চমৎকার রেকর্ড।” নতুন কোচ লেহম্যানকে স্বাগত জানিয়ে বোর্ডার বলেন, ‘লেহম্যানকে কোচ বানানোর সবচেয়ে ভালো দিকটি হলো, তিনি দলের ভেতরের পরিবেশটাকে পাল্টে দিতে পারেন। এ মুহূর্তে তাকেই অস্ট্রেলিয়া দলের সবচেয়ে বেশি প্রয়োজন।’ রয়টার্সের সূত্র জানিয়েছে, দলের ব্যর্থতা, অভ্যন্তরীণ  কোন্দল, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দক্ষিণ আফ্রিকার মিকি অর্থারকে বরখাস্ত করছে  ক্রিকেট অস্ট্রেলিয়া।’