ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশী আয় করেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী। এছাড়া বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদদের তালিকার ১৬তম স্থানে রয়েছেন তিনি। বছরে ৩১.৫ মিলিয়ন ডলার (প্রায় ১৮০ কোটি রুপি) আয় করেন ক্যাপ্টেন কুল ধোনি। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে যুক্তরাষ্ট্রের শক্তিশালী ম্যাগাজিন ফোর্বস। প্রায় প্রতি বছরই বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করে ম্যাগাজিন ফোর্বস। খেলোয়াড়দের বেতন-বোনাস, প্রাইজমানি ও অনান্যা আয়ের উপর ভিত্তি করে বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করে তারা। গেল বছর প্রকাশিত তালিকায় ধোনির অবস্থান ছিল ৩১। ধোনি ছাড়াও শচীন টেন্ডুলকারও আছেন সেই তালিকায়। তার অবস্থান ৩১তম স্থানে। বছরে টেন্ডুলকারের আয়-২২ মিলিয়ন ডলার (১২৫ কোটি রুপি)। প্রকাশিত সর্বশেষ তালিকার শীর্ষে রয়েছেন গলফার টাইগার উডস। বছরে তার আয় ৭৮.১ মিলিয়ন ডলার। এরপরের দু’টি স্থানে আছেন যথাক্রমে টেনিস খেলোয়াড় রজার ফেদেরার ও বাস্কেটবল খেলোয়াড় কেভিন ব্রায়ান্ট। এছাড়াও তালিকায় মেয়েদের মধ্যে আছেন টেনিসের মারিয়া শারাপোভা, সেরেনা উইলিয়ামস ও লি না ও ভিক্টোরিয়া আজারেঙ্কা।