৯ম সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ২-১ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে বাংলাদেশকে। নেপালের হালচক রাঙ্গাসালা স্টেডিয়ামে বিকেল পৌনে ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের হয়ে জা
হিদ হাসান এমিলি ও পাকিস্তানের হয়ে সামার ইসহাক ও কলিমুল্লাহ একটি করে গোল করেন। প্রথমার্ধে দুই দল সমানে সমানে লড়াই করে। খেলার ২২ মিনিটে পাকিস্তানের গোলরক্ষক সহজ একটা সুযোগ তৈরী করে দিলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা। এরপর আক্রমণ আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ । ফল পেতে খুব বেশি সময় লাগেনি তাদের। খেলার ৩০মিনিটে এমিলির গোলে এগিয়ে যায় বাংলাদেশ । কিন্তু এই লিড তারা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি । ৬ মিনিট পরে সামার ইসহাকের গোলে সমতায় ফেরে পাকিস্তান। প্রথমার্ধে দুই দলই আর কোন গোল করতে পারেনি । দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নিজেদের ছায়া হয়ে থাকে বাংলাদেশের খেলোয়াররা। বিপক্ষ শিবিরে কোন আক্রমণই করতে পারনি তারা। পক্ষান্তরে পাকিস্তানি খেলোয়ারদের আক্রমণ প্রতিরোধে ব্যস্ত থাকতে হয় বাংলাদেশের গোল রক্ষক মমিনুলকে। কিন্তু শেষ রক্ষা হয়নি তাতে। অতিরিক্ত সময়ে কলিমুল্লাহর গোলে সকল স্বপ্ন ভঙ্গ হয় ডিক্রুয়েফের শিষ্যদের। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। আর এ হারের মধ্যে দিয়েই মাঝ পথে শেষ হয়ে গেলো বাংলাদেশের ৯ম সাফ চ্যাম্পিয়নশিপ যাত্রা। এদিকে দিনের অপর ম্যাচে নেপাল ২-১ গোলে হারায় ভারতকে। নেপাল থেকে নিজস্ব প্রতিনিধি।