বছর বিদায়ের সাথে সাথে ক্রিকেট অঙ্গন থেকেও বিদায় নিচ্ছে বেশ কিছু তারকা খেলোয়াড়। যারা আজীবন মানুষের মনে রাজত্ব করবেন। একই সাথে রাজত্ব করবেন ২২ গজের ক্রিজেও। ব্যাটিং ঈশ্বরখ্যাত ভারতীয় ক্রিকেটার শচীন রমেশ টেন্ডুলকার, দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস, ইংল্যান্ডের স্পিনার গ্রায়েম সোয়ান ও মাইকেল হাসি নিজেদের ব্যাট-প্যাড এরই মধ্যে উঠিয়ে রেখেছেন।
শচীন টেন্ডুলকার (ভারত)
ক্রিকেটের ব্যাটিং ঈশ্বরখ্যাত ভারতীয় ক্রিকেটার শচীন রমেশ টেন্ডুলকার ২০০তম টেস্ট খেলে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন। মুম্বাইয়ের ছেলে শচীন নিজ দেশের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত ১৫ নভেম্বর শেষ টেস্ট খেলেন তিনি। ক্যারিয়ারের শেষ টেস্টে কেবল এক ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়েছেন তিনি।
সেই ম্যাচের প্রথম ইনিংসে তিনি মাত্র ৭৪ রান করেন। ২২ গজের ক্রিজে ২৪ বছর শাসন করা এই ক্রিকেটার সাদা জার্সির টেস্ট ক্রিকেটে ২০০ ম্যাচে করেছেন ১৫,৯২১ রান। ৫১ শতকের সাথে ৬৮টি অর্ধশতক হাঁকানোর অন্যতম রেকর্ডও তার ঝুলিতেই রয়েছে। ২৪ বছরের ক্যারিয়ারে ভারতকে বিশ্বকাপসহ অনেক মূল্যবান জয় উপহার দিয়ে দেশটির ক্রিকেট প্রেমীদের কাছে দেবতায় পরিণত হয়েছেন শচীন। এবছরই ভারতের এই ক্রিকেট ঈশ্বরের খেলোয়াড় জীবনের সমাপ্তি ঘটল।
মাইকেল হাসি(অস্ট্রেলিয়া)
হঠাৎ টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন অস্ট্রেলিয়ার‘ মিস্টার ক্রিকেট’ খ্যাত মাইকেল হাসি। রিকি পন্টিং ক্যারিয়ারের ইতি টানার পর বছরের শুরুতেই শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠেই ইতি টানলেন তিনি। এ বছরের ৩ জুন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলংকার বিপক্ষে ২৭ রান করেন তিনি। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার ৭৯ টেস্ট ম্যাচে ১৯টি শতকসহ করেছেন ৬,২৩৫ রান। শতকের সাথে রয়েছে ২৯টি অর্ধশতকের ইনিংসও।
গ্রায়েম সোয়ান (ইংল্যান্ড)
এ বছরের শেষ দিকে অবসরের ঘোষণা দেন ইংলিশ স্পিনার গ্রায়াম সোয়ান। গত ২২ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে নিজেই অবসরের ঘোষণা দেন সোয়ান। ৩৪ বছরের এই ইংলিশ স্পিনার সংবাদ সম্মেলনে বলেন, ২০১৩ সালে অবসরে যাওয়ার চিন্তা আগের থেকেই ছিল।
সোয়ানের ভাষায়, ‘বক্সিং ডেতে খেলার আগ্রহ থাকলেও আমার মনে হচ্ছে অবসরে যাবার এটাই আদর্শ সময়। আমি খেলতে চাইলে বোর্ডও আমাকে সেই সুযোগ দিত। কিন্তু এটা দল ও আমার জন্য খারাপ হতো। শরীর আমাকে দীর্ঘ পরিসরে খেলা চালিয়ে যেতে সায় দিচ্ছিল না। ইনিংসে ৩০/৪০ ওভার বল করাটা আমার জন্য ক্রমশ কঠিন হয়ে উঠছিল ।’
ইংলিশদের হয়ে সোয়ান ৬০টি টেস্ট খেলেছেন। নিয়েছেন মোট ২৫৫ উইকেট। ৫টি করে উইকেট নিয়েছেন ১৭ বার এবং ১০টি করে উইকেট নিয়েছেন ৩ বার। পাশাপাশি ব্যাটিংয়ে ২২.০৯ গড়ে মোট ১৭৯১ রান করেছেন তিনি। ৫টি অর্ধশতক ও আছে।
জ্যাক ক্যালিস (দক্ষিণআফ্রিকা)
অবসর নেওয়ার ঘোষণা দিয়ে অল্পসংখ্যক ক্রিকেটার আছেন যারা শতক হাঁকিয়ে ইতি টেনেছেন। সেই অল্পসংখ্যকদের মধ্যে দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার জ্যাক ক্যালিসের নামও ভাস্বর হয়ে থাকল। ভারতের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে শতক হাঁকালেন তিনি। খেলেছেন ১১৫ রানের ইনিংস।
এই ইনিংসে ভর করে টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস। পেছনে ফেলেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে। ২০ বছর বয়সে টেস্ট ক্যাপ পরা ক্যালিস ১৬৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৩,২৮৯। পাশা পাশি নিয়েছেন ২৯২টি উইকেট। ৪৫টি শতকের পাশাপাশি হাঁকিয়েছেন ৫৮টি অর্ধশতকের ইনিংস।
ইতিহাসের সেরা এই অলরাউন্ডার অবসরের ঘোষণা দিয়ে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে থাকা অনেক সম্মানের। খেলার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। তবে এখনই টেস্ট থেকে অবসর নেওয়ার উত্তম মুহূর্ত।’
ক্রিকেটের এই চার তারকার বিদায় ক্রিকেটকে কাঁদিয়েছে। তাদের এই শূন্যস্থান কবে পূরণ হবে সেটাও অজানা।