আজ (রোববার) শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই মাঠে গড়াবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচ গুলোই বিশ্বকাপের আগে ভারতের পঞ্চাশ ওভারের শেষ খেলা।

ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র তিন মাসের মতো সময়। এর মধ্যে মাত্র পাঁচটি পঞ্চাশ ওভারের ম্যাচ বাকি সব টি-টোয়েন্টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ হলেই ক্রিকেটাররা নেমে পড়বে আইপিএলের ব্যস্ত সূচিতে। এই সব কারণেই বিশ্বকাপের মাত্র তিন মাস আগে হাহাকার শোনা যাচ্ছে কোহলির কণ্ঠে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘হ্যাঁ এটা সত্যিই যে (বিশ্বকাপের আগে) আরও কিছু ওয়ানডে ম্যাচ পেলে তা ভালো হতো। আমি বলবো সেটা অনেক বেশি যুক্তিযুক্ত হতো। কিন্তু আপনারা জানেন যে এখন সিরিজগুলো এভাবেই সাজানো হয় এবং আমাদেরও এভাবেই মানিয়ে নিয়েই খেলতে হয় সব সময়।’

কোহলি আরো বলেন, ‘আমরা যেহেতু আইপিএলে অনেক বেশি টি-টোয়েন্টি খেলবোই, তাই আরও কিছু ওয়ানডে ম্যাচ পেলে আমাদের জন্য লাভজনক হতো। শুধু আমাদের জন্য নয়, অস্ট্রেলিয়াও এতে লাভবান হতো। তবে দেখেন আমাদের সামনে যা আছে তাই মেনে নিতে হবে। আমাদের লক্ষ্য থাকবে দল হিসেবে মনোভাব ঠিক রাখা।’